কোম্পানীগঞ্জে অপরিকল্পিত বালু উত্তোলন, হুমকির মুখে খেলার মাঠ

প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, জুন ১৬, ২০২১

মঙ্গলবার (১৫ জুন) সকালের ছবি, স্থান কলাবাড়ি খেলার মাঠ সংলগ্ন 

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের কলাবাড়ী গ্রামের খেলার মাঠ রক্ষার দাবী জানিয়েছেন এলাকাবাসী। উপজেলার ধলাই নদী পাড়ে অবস্থিতি বৃহত্তর কলাবাড়ী এলাকায় একমাত্র খেলার মাঠ দীর্ঘদিন যাবত বেদখলে রয়েছে। এই মাঠ দখল মুক্তি করতে এলাকাবাসী দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। সাম্প্রতিক সময়ে ধলাই নদী থেকে বালু উত্তোলনের জন্য লিজ দেওয়া হলে হুমকির মুখে পড়ে কলাবাড়ী স্কুলের খেলার মাঠ। লিজ বহির্ভূত ধলাই নদীর পাড়ের খেলার মাঠ থেকে বালু উত্তোলনের ফলে প্রতিদিন মাঠের অংশ নদী গর্ভে বিলীন হচ্ছে।

সরজমিনে বুধবার সকাল ১০টায় গিয়ে দেখা যায় একাধিক স্টিল বডিতে ( বড় নৌকা) খেলার মাঠ থেকে বালু উত্তোলন করছে। এসময় এলাকাবাসী বালু উত্তোলনে বাঁধা দেয় এবং নৌকা গুলোকে অন্যতায় সরিয়ে দেন। এলাকাবাসীর পক্ষ থেকে কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল জাহান কাজলের সাথে যোগাযোগ করে হলে মুহূর্তের মধ্যেই তিনি একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাইকিং করে সর্তক করে লিজ বহির্ভূত জায়গা হতে কেউ বালু উত্তোলন করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দা হুমায়ুন রশিদ হুমন জানান, বৃহত্তর কলাবাড়ী স্কুলের খেলার মাঠ রক্ষার জোর দাবী জানিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী আন্দোলন করে যাচ্ছি বেশ কিছু দিন ধরে। মাঠ রক্ষার দাবীতে  মানববন্ধনও করেছি। সর্বশেষ ধলাই নদীতে বালু উত্তোলনের ফলে হুমকিতে পড়েছে আমাদের মাঠ। প্রতিদিন বিভিন্ন সময়ে অবৈধভাবে মাঠের বালু লিস্টার মেশিন দিয়ে ভরাট করে নিয়ে যাচ্ছে তারা।
এব্যাপারে জানতে চাইলে কোম্পানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) এরশাদ মিয়া জানান, বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এসেছে। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্যকে বার বার ফোন দিলেও কোনো সারা পাওয়া যায়নি।

ধলাই নদীর কালাসাদেক গং অংশের ইজারাদার তুহিন কনস্ট্রাকশনের মালিক প্রদীপ কুমার জানান, আমরা সরকারভাবে লিজ নিয়ে বালু উত্তোলন করছি। লিজ বর্হিভূত জায়গায় থেকে কেউ যাতে বালু উত্তোলন করতে না পারে সেই জন্য আমরা একাধিক মানুষ নিয়োগ করেছি। আমাদের বালু উত্তোলনের কারণে যাতে কোন মানুষের ক্ষতি না হয় সেই দিক বিবেচনা করে আমরা ব্যবসা করছি। আমাদের নাম ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি মাঠের জায়গা থেকে বালু উত্তোলনের চেষ্টা করেছে আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া জন্য প্রশাসনকে অবগত করেছি।

(সি/স-১৬ জুন-তা/ই)