করোনা জয়ী ৩ হাজার পুলিশ,আক্রান্ত ৬ হাজার

Desk Desk

News

প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ, জুন ৯, ২০২০

সিলকো ডেস্ক:-জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে করোনায় আক্রান্ত হওয়া বাংলাদেশ পুলিশের ৩ হাজার ৪৯ জন সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাদের অনেকেই জনগণের সেবায় নিজেকে নিযুক্ত করতে আবারও কাজে যোগ দিয়েছেন।

বাংলাদেশ পুলিশের তত্ত্বাবধানে পরিচালিত হাসপাতালগুলোর উন্নত ও মানসম্মত চিকিৎসা ও সেবায় সুস্থতার হার দ্রুততার সঙ্গে বাড়ছে বলে জানিয়েছেন পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা। এদিকে পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, সোমবার পর্যন্ত (৮ জুন) বাংলাদেশ পুলিশের ছয় হাজার ৬১২ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১ হাজার ৮৫০ জন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্য।
এআইজি সোহেল রানা জানান, সোমবার (৮ জুন) পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১৯ জন সদস্য করোনায় মারা গেছেন।
পুলিশ কর্মকর্তারা জানান, সদস্যদের মধ্যে করোনা সংক্রমণ ঝুঁকি কমাতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য সর্বোত্তম সেবা ও শুশ্রুষা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ভাড়া করাসহ সকল পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণ উন্নত চিকিৎসা সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে। এ কারণে একদিকে পুলিশ আক্রান্তের হার যেমন ক্রমান্বয়ে কমছে, তেমনি দ্রুততার সঙ্গে বাড়ছে সুস্থতার হার।

(সি/স-০৯ জুন-তা/ই)