সাংবাদিক আবেদ খাঁন হোম কোয়ারেন্টাইনে শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, জুন ১২, ২০২০ সিলকো ডেস্ক:-বরেণ্য সাংবাদিক ও দৈনিক জাগরণের সম্পাদক এবং প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আবেদ খান হোম কোয়ারেন্টাইনে। রাজধানীর উত্তরায় যে ভবনে তিনি বাস করেন, সেটি লকডাউন করা হয়েছে। আজ শুক্রবার (১২ জুন) দৈনিক জাগরণের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বলা হচ্ছে, আবেদ খানের বাড়ির গৃহকর্মীদের কারও মাঝে করোনাভাইরাসের প্রাথমিক উপসর্গ লক্ষ্য করা গেছে। যার পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে তার হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে। সতর্কতামূলক অন্যান্য বিষয়েও পদক্ষেপ নেয়া হচ্ছে। সাংবাদিকতার ক্ষেত্রে অনন্য সাধারণ অবদানের জন্য ২০১৪ সালে রাষ্ট্রপতি প্রদত্ত স্বর্ণপদক লাভ করেন আবেদ খান। এছাড়া সাহিত্য, সংস্কৃতিসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য সাংবাদিক আবেদ খান একাধিক সম্মাননায় ভূষিত হন। তিনি বিভিন্ন সময় দৈনিক ভোরের কাগজ, যুগান্তর, সমকাল ও কালের কণ্ঠের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং একুশে টেলিভিশনের নির্বাহী সম্পাদকের দায়িত্বেও ছিলেন আবেদ খান। আবেদ খান ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে একজন মুক্তিযোদ্ধা হিসেবে বীরত্বের সাথে লড়াই করেন। পাশাপাশি বাংলাদেশের গণমাধ্যম সংস্কৃতিতে দীর্ঘকাল ধরে অনবদ্য অবদান রেখে আসছেন এই বরেণ্য সাংবাদিক। (সি/স-১২ জুন-তা/ই) SHARES স্বাস্থ্য বিষয়: