দোয়ারাবাজার সীমান্তে রফু বাহিনীর তান্ডব: পুলিশের হাতে গ্রেপ্তার দুই

প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, এপ্রিল ৩, ২০২২

মোঃ আলা উদ্দিন: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সীমান্তে রফু বাহিনীর তান্ডবে অতিষ্ট হয়ে উঠেছে এলাকাবাসী। সে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলার পাড় গ্রামের মৃত সফর আলীর পুত্র। সম্প্রতি এক সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হলে শনিবার রফু ও তার মেয়েকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম ওরফে রফু এলাকার একজন চিহ্নিত মামলাবাজ ও সন্ত্রাসী। সীমান্ত এলাকায় তার নানা অপকর্মে নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করেন স্থানীয়রা।

তার বাড়ি বাশঁতলা বাংলাবাজার সড়কের মেইন রাস্তার পাশে হওয়ায় সীমান্ত এলাকার মানুষ বাংলাবাজারসহ উপজেলায় যাতায়াত কালে তার কাছে জিম্মি হয়ে পরে। রফু ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কায়দায় মানুষের জমি দখলসহ পথরোধ করে উপর্যপরি হামলা ও মারপিট করে আসছে। একের পর এক রফুর অত্যাচার ও নির্যাতনে অতিষ্ট হয়ে উঠেছে এলাকাবাসী। কিছু হলেই সে মামলা মোকদ্দমায় জড়িয়ে মানুষকে হয়রানি করে। তার মেয়ে ও স্ত্রীকে দিয়ে নারী নির্যাতন মামলা করে হয়রানি করে।
ইউপি সদস্য আল আমিন বলেন, রফু এলাকার চিহ্নিত মামলাবাজ ও সন্ত্রাসী। তার বসত বাড়ি রাস্তার পাশে হওয়ায় বাঁশতলা ও চৌধুরীপাড়া গ্রামের লোকজনকে পথরোধ করে মারধর করে। সামান্য কথা কাটাকাটি হলেই হামলা মামলা করে নিরীহ মানুষকে অত্যচার নির্যাতন করে।

চৌধুরীর পাড়া গ্রামের সুরুজ মিয়া ও মানিক মিয়া বলেন, মামলাবাজ রফুর তাণ্ডবে আমরা অতিষ্ঠ। তার পরিবারের সকলেই মাদক পাচারসহ সীমান্ত এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আমরা তার নির্যাতনের ভয়ে থাকি সবসময়।

জানতে চাইলে দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন, পথরোধ করে নিরীহ লোককে মারধর ও সংঘর্ষের ঘটনায় মামলা হলে শনিবার রফিকুল ইসলাম ওরফে রফু ও তার মেয়েকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।