পুলিশের উপর হামলার অভিযোগ এনে সিলেটে ছাত্রলীগ নেতা সহ স্বপরিবারকে গ্রেফতার

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৬
Oplus_131072

 

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে পুলিশ হেফাজত থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় একই পরিবারের পাঁচ সদস্যসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতাল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (১ নভেম্বর) সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সুনামগঞ্জ পৌর শহরের তেঘরিয়া এলাকার দেওয়ান শাহরুখ রাজা চৌধুরী (৪৬), তাঁর ছেলে সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স (২০), স্ত্রী শাম্মী আক্তার পলি (৩৮), আরেক ছেলে দেওয়ান শাহরিয়ার চৌধুরী পিয়াল (২০) এবং মেয়ে সাবরিনা চৌধুরী রূপকথা (১৬)।

এ ছাড়া গ্রেপ্তার অন্য তিনজন হলেন—দিরাই উপজেলার চণ্ডীপুর গ্রামের শাহ আলমের ছেলে ইফাত আলম রাবিদ (২১), ছাতক উপজেলার জালালপুর গ্রামের শফিক মিয়ার ছেলে কাওছার আহমদ সোহাগ (২১) এবং গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর গ্রামের ওলিওর রহমান মানিকের ছেলে তাকবির রহমান তানহির (২০)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর রাতে নাশকতার মামলার আসামি হিসেবে দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ সদর মডেল থানায় নিয়ে আসা হয়। পরে তিনি অসুস্থ বোধ করলে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে এবং পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য সিলেটে নেওয়া হয়।

পুলিশের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত দেড়টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রিন্সের পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবরা পূর্বপরিকল্পিতভাবে জড়ো হয়ে পুলিশের ওপর হামলা চালান। এ সময় তারা পুলিশ হেফাজত থেকে প্রিন্সকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।

এ ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরিদ হোসেন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে মামলা করেন।

মামলার পর শনিবার রাতে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতাল থেকে প্রিন্সের পরিবারের সদস্যসহ আটজনকে গ্রেপ্তার করা হয়।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. রতন শেখ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।