ব্রাহ্মণবাড়িয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সাপোর্টারের মধ্যে মারামারি

Desk Desk

News

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২১

 

আবারও আর্জেন্টিনা-ব্রাজিলের খেলা নিয়ে সংঘর্ষে হলো ব্রাহ্মণবাড়িয়ায়। তবে তা খেলার দিন নয়, বৃহস্পতিবার (১৫ জুলাই) রাতে সংঘর্ষে জড়ায় ব্রাজিল ও আর্জেন্টিনা দলের সমর্থকরা। এর আগে ১১ জুলাই অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ নিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে জেলা পুলিশ। পুরো জেলায় মোতায়েন করা হয় পাঁচ শতাধিক পুলিশ সদস্য। তাই এতদিন ঘটেনি কোন অপ্রীতিকর ঘটনা।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের খেওয়াই গ্রামে হওয়া ওই সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। তারা হলেন- মিনার মিয়া, মো. আলম, রবিউল, জালাল মুন্সি ও ফুরকান মুন্সি। এদের মধ্যে মিনার মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাছিহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিনুল হক পাভেল জানান, কোপা আমেরিকা টুর্নামেন্টের ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল ম্যাচ নিয়ে গতকাল সন্ধ্যায় খেওয়াই গ্রামের সর্দার বাড়ির শিপন (১৯) ও মুন্সি বাড়ির হৃদয়ের (১৮) বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। হৃদয় আর্জেন্টিনা এবং শিপন ব্রাজিল দলের সমর্থক। এ ঘটনার জেরে রাত ৮টার দিকে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। সকালে গ্রামে পুলিশ এসেছে। এখন গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(সি/স-১৬ জুলাই-তা/ই)