প্রেমিকার কাছ থেকে মোবাইল আনতে গিয়ে প্রেমিক খুন Desk Desk News প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, মে ৫, ২০২০ সিলকো ডেস্ক:-টাঙ্গাইলে নিখোঁজের ছয়দিন পর নদী থেকে আব্দুল্লাহ আল মামুন আশিক (১৮) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) সন্ধ্যার দিকে বাড়ি পাশে লৌহজং নদীতে থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুল্লাহ আল মামুন আশিক টাঙ্গাইল শহরের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাবা রাশেদুল ইসলাম লেবু ঢাকা রেঞ্জ রিজার্ভ ফোর্সে কর্মরত আছেন। এ ঘটনায় আশিকের মা আনোয়ারা বেগম বাদি হয়ে গত ২ মে টাঙ্গাইল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ সদস্য রাশেদুল ইসলাম লেবু বলেন, কয়েক মাস আগে থেকে প্রতিবেশী রেজাউল করিমের মেয়ের সঙ্গে তার ছেলে আশিকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে আশিক কথা বলার জন্য ওই মেয়েকে মোবাইল ফোন উপহার দেয়। মেয়ের বড় ভাই মাহিম (১৯) বিষয়টি জানার পর আশিককে মোবাইল ফোন নিতে তার বাসায় যেতে বলেন। আশিক গত ৩০ এপ্রিল রাত আটটায় মেয়ের বাসায় মোবাইল ফোন আনতে যায়। পরে সে আর বাড়িতে ফিরে আসেনি। আশিকের বন্ধু মো. আরিফ জানায়, ওই মেয়ের সঙ্গে আশিকের তিন মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল। আশিকের সঙ্গে সে তার প্রেমিকার বাসায় মোবাইল আনতে যেতে আগ্রহ প্রকাশ করে। কিন্তু তাকে আশিক সঙ্গে নিয়ে যায়নি। ওই বাসায় যেতে আশিক খুব ভয় পাচ্ছিলো। ওই এলাকার বাসিন্দা পারভীন বেগম জানান, ঘটনার দিন রাতে ওই মেয়ের বাসায় দিকে আশিককে যেতে দেখেছেন। তার পরে কী হয়েছে তা তিনি জানেন না। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, নিখোঁজ আশিকের লাশ বাড়ির পাশে লৌহজং নদী থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হযেছে। (সি/স-০৫ মে-তা/ই) SHARES জাতীয় বিষয়: