সিলেটে নব্য জেএমবি’র ৫ সদস্য আটক

প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২০

স্টাফ রিপোর্টার:-নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির শীর্ষ নেতাসহ পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। ঢাকা থেকে সিলেট আসা পুলিশের বিশেষ একটি ইউনিট তাদের আটক করে।

রোববার রাতে নগরীর মিরাবাজারের উদ্দীপন ৫১ নম্বর বাসা থেকে আটক করা হয় নাইমুজ্জামানকে।  নাইমুজ্জামান নব্য জেএমবির সিলেটের আঞ্চলিক কমান্ডার বলে জানা গেছে।

মঙ্গলবার ভোর পর্যন্ত বাকি চারজনকে সিলেট  নগরী ও শহরতলির বিভিন্ন স্থান থেকে আটক করা হয়। এদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলো সায়েম ও সাদি। আটক সায়েম মদনমোহন কলেজের ছাত্র, সাদি ও নাইমুজ্জামান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) উপকমিশনার (ডিসি) সাইফুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতদের ঢাকায় এনে জিজ্ঞাসাবাদের পর পুরো বিষয়টি গণমাধ্যমে জানানো হবে বলে জানান তিনি ।

(সি/স-১১ আগস্ট-তা/ই)