বালাগঞ্জে হত্যা মামলার আসামী গ্রেফতার

প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২০

সিলকো ডেস্ক:- বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের মোরারবাজারে চা দোকানের পাওনা টাকা চাওয়া নিয়ে সংঘর্ষে নিহত রাজমিস্ত্রী ছমির মিয়া (৪৫) হত্যা মামলার একমাত্র এজাহারনামীয় আসামী মছব্বির আলীকে (৪৫) গ্রেফতার করেছে বালাগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমানের নেতৃত্বে এসআই রাজীব চৌধুরী ও এসআই পিংকু চন্দ্র দেব সহ থানা পুলিশের একটি দল আসামী মছব্বির আলীকে বালাগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী মছব্বির আলী উপজেলার নিজ গহরপুর গ্রামের মৃত তাহির আলীর পুত্র।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সিলেট-সুলতানপুর সড়কের মোরার বাজারের দক্ষিনে আহমদপুর গ্রামের মছব্বির আলীর চায়ের দোকানে নিহত ছমির মিয়ার ভাগনা পারভেজের সাথে চা দোকানী মছব্বিরের ২২০ টাকা পাওনা নিয়ে কথা কাটা-কাটির জেরে সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় ভাগনার সাথে সংঘর্ষ দেখে ছমির মিয়া এগিয়ে আসলে চা দোকানী মছব্বিরের পক্ষের লোকজন তাকে মারধর করে। আহত অবস্থায় ছমির মিয়াকে স্থানীয় একটি হাসপাতালে নেয়ার পথেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এ বিষয়ে গত ৮ অক্টোবর বালাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা নম্বর- ০৪, তারিখ- ০৮.১০.২০২০ ইং।

মামলায় একমাত্র এজাহারনামীয় আসামী ছিলেন মছব্বির আলী (৪৫)।

আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামীকে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।

(সি/স-১৪ অক্টোবর-তা/ই)