কোম্পানীগঞ্জে মদ্যপ যুবক খুন: ঘাতক গ্রেফতার

Desk Desk

News

প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, মে ৮, ২০২২

 

সিলেটের কোম্পানীগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মামাকে খুনের ঘটনায় ভাগ্না ফয়জুল বারীকে গ্রেফতার করা হয়েছে। রোববার ০৮ মে দুপুর দেরটা সময় পাড়ুয়া গ্রাম থেকে অভিযান দিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে অভিযোগ এনে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মামলার প্রধান আসামি ফয়জুল বারীকে (৩৫) গ্রেফতার করা হয়েছে।আটক ফয়জুল বারী কোম্পানীগঞ্জ থানা হেফাজতে রয়েছে।

ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত হাফিজের ছোট ছোট তিন ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে। বাদ আছরের পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের  নামাজে জানাজা  অনুষ্ঠিত হয়। পরে নিকটস্থ পাড়ুয়া পঞ্চায়েত কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য গত শনিবার (০৭ মে) রাত ১০টার দিকে পাওনা টাকা চাওয়ায় হাফিজ ও ফয়জুল বারীর লাঠির আঘাতে খুন হন। নিহত হাফিজ ওই গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে। ঘাতক ফয়জুল বারী (৩৫) একই গ্রামের মিরাছ আলীর ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, নিহত হাফিজ ও ফয়জুল বারী ভোলাগঞ্জ বাজারের মোরগ ব্যবসায়ী। ঘটনার সময় হাফিজ ও ফয়জুল বারী উভয়ই মদ্যপ অবস্থায় ছিল। মদ্যপাবস্থায় ফয়জুল বারীর কাছে পাওনা টাকা চাওয়া নিয়ে হাফিজের নিজ ঘরের বারান্দায় বাকবিতন্ডা হয় । এক পর্যায়ে বারান্দায় রাখা কাটা গাছের টুকরো দিয়ে হাফিজের মাথায় সজোড়ে আঘাত করে ফয়জুল বারী। আহত হাফিজকে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।