ডোনাল্ড ট্রাম্প প্রতিদিন ২৫ কেজি কাচা ঘাস খায়

Desk Desk

News

প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, মে ৩০, ২০২৬

সংবাদ ডেস্ক: রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানার এখনকার সবচেয়ে আলোচিত সদস্য ‘ডোনাল্ড ট্রাম্প’। তবে এই বিশেষ অতিথির রাজকীয় ভোজনবিলাসের খবর এখন সবার মুখে মুখে। প্রতিদিন নিয়ম করে ২৫ কেজি উন্নত মানের নেপিয়ার ঘাস আর প্রায় আধা মণ (২০ কেজি) পানি সাবাড় করছে এই দুর্লভ সাদা মহিষটি। তার পুষ্টি নিশ্চিত করতে ঘাসের পাশাপাশি প্রতিদিন দেওয়া হচ্ছে ৫ কেজি ছোলা ও ভুসির মিশ্রণ।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ এই বিশেষ প্রাণীর খাদ্যাভ্যাসে কড়া নজরদারি রাখছে। কিউরেটর আতিকুর রহমানের তত্ত্বাবধানে একটি নির্দিষ্ট রুটিন অনুযায়ী চলে তার খাওয়া-দাওয়া। প্রতিদিন সকাল ৯টায় প্রথম দফায় তাকে ছোলা ও ভুসিজাতীয় পুষ্টিকর খাবার দেওয়া হয়। এরপর বেলা ১১টা এবং দুপুর ২টায় দুই দফায় পরিবেশন করা হয় সতেজ সবুজ ঘাস। দিনের শেষ খাবার হিসেবে বিকেল ৩টায় তাকে আবারও দেওয়া হয় ছোলা-ভুষি। বিকেল ৩টার পর তাকে আর কোনো ভারী খাবার দেওয়া হয় না।

বর্তমানে চিড়িয়াখানার ‘এল-০৭’ নম্বর খাঁচায় রাখা হয়েছে এই অ্যালবিনো বা সাদা মহিষটিকে। যেহেতু সে আগে থেকেই গৃহপালিত পরিবেশে বড় হয়েছে, তাই নতুন পরিবেশে খাপ খাইয়ে নিতে তাকে কিছুটা বেঁধে রাখা হয়েছে। তীব্র গরম থেকে স্বস্তি দিতে দিনে অন্তত দুই থেকে তিনবার পাইপ দিয়ে তাকে গোসল করানো হচ্ছে। এমনকি খাঁচার ভেতরে দ্রুতই স্ট্যান্ড ফ্যান বসানোর পরিকল্পনাও রয়েছে কর্তৃপক্ষের।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের একটি ডেইরি ফার্মে জন্ম নেওয়া এই মহিষটির মাথার চুলের অদ্ভুত স্টাইলের কারণে নাম রাখা হয়েছিল ‘ডোনাল্ড ট্রাম্প’। কোরবানির জন্য এক ব্যক্তি মহিষটি কিনে নিলেও এর অনন্য বৈশিষ্ট্য ও আন্তর্জাতিক গুরুত্ব বিবেচনা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় সেটিকে উদ্ধার করে স্থায়ীভাবে চিড়িয়াখানায় রাখা হয়েছে। এই ধবধবে সাদা মহিষটিকে এক নজর দেখতে প্রতিদিন চিড়িয়াখানায় ভিড় করছেন শত শত দর্শনার্থী।