সমন্বয় করে ত্রাণ বিতরণের তাগিদ দিয়েছেন মন্ত্রী ইমরান আহমদ

Desk Desk

News

প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, জুন ২২, ২০২২

 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সমন্বয় করে ত্রাণ বিতরণ কার্যক্রম জোরদার করা দরকার। তিনি বলেন, দুর্গত মানুষকে উদ্ধার ও ত্রাণ কাজে ইতিমধ্যে সেনাবাহিনীসহ বিভিন্ন সরকারি সংস্থা একসঙ্গে কাজ করে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

মঙ্গলবার (২১ জুন) বিকেলে সিলেটের জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, সরকারি সংস্থার পাশাপাশি আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। এসময় মন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রস্তুত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
মতবিনিময় সভায় সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী বিশেষ অতিথির বক্তব্যে বলেন, আওয়ামী লীগ ভোগবিলাসের রাজনীতি করে না। ত্যাগ তিতিক্ষার জন্য রাজনীতি করে আওয়ামী লীগের নেতা কর্মীরা।জনপ্রতিনিধিদের দলমতের ঊর্ধ্বে উঠে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

 

এর আগে মঙ্গলবার বিকেলে মন্ত্রী জৈন্তাপুর উপজেলার আব্দুল লতিফ-জুলেখা বালিকা বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে বন্যাদুর্গদের খোঁজ খবর নেন। বিজিবি’র একটি টিম সেখানে চিকিৎসা সহায়তা দিচ্ছিলেন। মন্ত্রী এ সময় বিজিবি’র দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে আলাপ করেন এবং তাদেরকে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান।

 

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।

 

জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।