একদিনের ব্যাবধানে কোম্পানীগঞ্জে আবারও খুন

প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৬

 

বিশেষ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে একদিনের ব্যবধানে আরও এক খুন হয়েছে। এই নিয়ে গত তিনদিনে দুই জন খুনের ঘটনা ঘটেছে সীমান্তবর্তী এই উপজেলায়।

বুধবার দুপুরে নদীতে গোসল করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আশিক মিয়া (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার কোম্পানীগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।নিহত আশিক মিয়া ওই গ্রামের স্থায়ী বাসিন্দা।
নিহতের ছেলে সায়েম আহমদের ভাষ্য অনুযায়ী, প্রতিবেশী দুদু মিয়ার সঙ্গে আশিক মিয়ার পরিবারের আগে থেকেই বিরোধ ছিল। ঘটনার দিন আশিক মিয়ার ১০ বছর বয়সী নাতনি মাইশা বেগম বাড়ির পাশে নদীতে গোসল করতে গেলে দুদু মিয়া তাকে নিজের ঘাট দাবি করে সেখানে গোসল করতে বাধা দেন। এ সময় শিশুটির সঙ্গে দুর্ব্যবহার ও তার গায়ে হাত তোলার অভিযোগ ওঠে।

 

খবর পেয়ে মাইশার বাবা সবুজ মিয়া ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি শান্ত করতে আশিক মিয়া এগিয়ে গেলে দুদু মিয়া ও তাঁর পক্ষের লোকজন তাঁকে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগ করেন নিহতের পরিবারের সদস্যরা। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে তাঁকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী বাদী হয়ে দুদু মিয়া, আঙ্গুর মিয়া, মোস্তফা ও বতুল্লাসহ সাতজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। তবে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলার এজাহার লেখার কাজ চলছে।

কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার জানান, মারামারি থামাতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের দুটি দল মাঠে কাজ করছে।