ধর্মপাশায় ফের বন্যায় অধিকাংশ গ্রামীণ সড়ক বন্ধ,মানুষজন গৃহবন্দী

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২০

মোবারক হোসাইন:-অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আবারও বন্যা দেখা দিয়েছে। উপজেলার বেশিরভাগ সড়ক বন্যার পানিতে তলিয়ে গেছে। গ্রামীণ সড়কগুলো বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় স্বাভাবিক যান চলাচল বন্ধ রয়েছে।

এ উপজেলার ১০টি ইউনিয়নে কমপক্ষে পাঁচ সহস্রাধিক পরিবারের বসতঘর ও রান্নাঘরের ভেতরে পানি ঢুকে পড়েছে। এ সব পরিবারের মানুষজন বসতঘরের ভেতরে কেউ কেউ মাচা তৈরি করে বসবাস করছেন। আবার কেউ কেউ উঁচু বাড়িতে ও পার্শবর্তী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আশ্রয় নিচ্ছে। গত বৃহস্পতিবার গভীর রাত থেকে এ উপজেলায় বন্যার পানি ঢুকতে শুরু করে। এর আগে গত ২৭জুন এ উপজেলায় বন্যা দেখা দেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান বলেন, এ উপজেলায় দ্বিতীয়বারের মতো বন্যা দেখা দেওয়ায় বন্যা পরিস্থিতি মোকাবিলায় শনিবার দুপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা হয়। রোববার থেকে বন্যার্ত পরিবারের মধ্যে শুকনো খাবার ও জিআরের চাল বিতরণ শুরু করা হবে।

(সি/স-১২ জুলাই-তা/ই)