প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলো শাল্লার ক্ষতিগ্রস্ত সনাতন পরিবারেরা Desk Desk News প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২১ সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় অধ্যুষিত গ্রাম নোয়াগাঁওয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৩ লাখ ৪৪ হাজার টাকা, ৩২ বান্ডিল টিন এবং ৭ টন চাল তুলে দেওয়া হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) দুপরে ঘটনাস্থলে গিয়ে সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান ও পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ এই সহায়তা সামগ্রী তুলে দেন। এ সময় জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান উপস্থিত ছিলেন। এরমধ্যে ৩৭ টি পরিবারকে ৫০০০ টাকা, ৫৩ টি পরিবারকে ৩০০০ টাকা করে ৯০ টি পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া ক্ষতিগ্রস্ত ৭ মন্দিরে ৭ টন চাউল ও ৩২ টি পরিবারকে ক্ষতিগ্রস্ত গৃহ মেরামতের জন্য ১ বান ঢেউটিনসহ নগদ ৩০০০ টাকা করে দেওয়া হয়েছে। এসময় সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন বলেন, হামলার ঘটনায় দেড় হাজারেরও বেশি আসামি করে দুটি মামলা দায়ের হয়েছে। ইতোমধ্যে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধে যারাই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় এনে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা হবে। সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান বলেন, জাতির পিতার জন্মশতবার্ষিকীতে যারা এমন ঘটনা ঘটিয়েছে, ভাবতে হবে কারা এমন শত্রু। তাদের যে পরিচয়ই থাকুক না কোনো ছাড় দেওয়া হবে না। প্রসঙ্গত, সম্প্রতি মাওলানা মামুনুল হকসহ হেফাজত নেতাদের নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করে ঝুমন দাশ নামের এক যুবক। মঙ্গলবার রাতে নোয়াগাও গ্রামের কয়েকজন হিন্দু লোকের সহায়তায় শাসকাই বাজার থেকে তাকে পুলিশে তুলে দেওয়া হয়। তারপরও ১৭ মার্চ দিরাই উপজেলার কয়েকটি গ্রাম থেকে মামুনুল হকের অনুসারি কয়েকশ যুবক, কিশোর লাঠিসোটা নিয়ে নোয়াগাঁও এর সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। এসময় তারা ঘরে থাকা পারিবারিক মূর্তিসহ ভাঙচুর চালায় এবং সম্পদের ক্ষতি করে। তবে তাদের আগমন দেখে নোয়াগাঁও গ্রামের নারী-পুরুষ গ্রাম ছেড়ে হাওরে চলে যায়। যার কারণে কেউ আঘাতপ্রাপ্ত হয়নি। (সি/স-১৯ মার্চ-তা/ই) SHARES প্রচ্ছদ বিষয়: