দশম ডেভেলপিং সম্মেলন (ডি-৮) আগামী ৮ এপ্রিল Desk Desk News প্রকাশিত: ৮:২৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১, ২০২১ বাংলাদেশ আগামী ৮ এপ্রিল দশম ডেভেলপিং-৮ (ডি-৮)-এর দশম শীর্ষ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। সংগঠনটির সদস্য দেশগুলোর মধ্যে অধিকতর বিনিয়োগ ও বাণিজ্যের লক্ষ্যে ভার্চুয়ালি এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বুধবার ভার্চুয়াল ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, শীর্ষ সম্মেলনের পর বাংলাদেশ দুই বছরের জন্য ডি-৮-এর সভাপতি নির্বাচিত হবে। এর ফলে বাংলাদেশ তার অসামান্য অর্থনৈতিক উন্নয়নের কথা বিশ্বের কাছে তুলে ধরার সুযোগ পাবে। খবর বাসসের। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ প্রতিনিধি দলের এবং অপর সাতটি সদস্য দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা নিজ নিজ দেশের নেতৃত্ব দেবেন। ডি-৮ আটটি উন্নয়নশীল মুসলিম দেশ নিয়ে গঠিত। এর সদস্য রাষ্ট্রগুলো হচ্ছে- বাংলাদেশ, মিসর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক। সংস্থাটির বর্তমান সভাপতি তুরস্ক। ডি-৮ শীর্ষ সম্মেলনের প্রস্তুতি হিসেবে ভার্চুয়ালি ৫-৬ এপ্রিল ডি-৮ কমিশনের ৪৩তম অধিবেশন এবং ৭ এপ্রিল ১৯তম ডি-৮ কাউন্সিল অব মিনিস্টার্স অনুষ্ঠিত হবে। শীর্ষ সম্মেলনের ফাঁকে ৫ এপ্রিল ডি-৮ বিজনেস ফোরাম ও প্রথম ডি-৮ ইয়ুথ সামিট ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। গত বছরের মে মাসে এ সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু মহামারির কারণে এটি বিলম্বিত হয়। ১৯৯৯ সালে বাংলাদেশ দ্বিতীয় ডি-৮ শীর্ষ সম্মেলনের আয়োজন করেছিল। (সি/স-০১ এপ্রিল-তা/ই) SHARES অর্থনৈতিক বিষয়: