ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব: নবীনগর হেফাজতে ইসলাম সম্পাদক গ্রেফতার

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, জুন ১৩, ২০২১

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নবীনগর উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ূম ফারুকীকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া থেকে তাকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ। রোববার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি এমরানুল ইসলাম যুগান্তরকে বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের চালানো তাণ্ডবের ঘটনায় তিনি প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন মাওলানা আবদুল কাইয়ুম ফারুকী। এ কারণে শনিবার রাতে তাকে গ্রেফতার আজ রোববার আদালতে পাঠানো হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে এবং ঢাকা ও চট্টগ্রামে মাদ্রাসা ছাত্রদের ওপর পুলিশের হামলার খবরে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের পক্ষে। এসব ঘটনায় নিহত হয় ১২ জন এবং ৫৬টি মামলা দায়ের করা হয়।

এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় ৪টি, সরাইল থানায় ২টি ও রেলওয়ে থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ৪১৪ জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ হাজার মানুষকে আসামি করা হয়েছে।

(সি/স-১৩ জুন-তা/ই)