সাদা পাথরে পর্যটকের মৃত্যু

প্রকাশিত: ১:১০ পূর্বাহ্ণ, এপ্রিল ১, ২০২২

 

সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রে ঘুরতে আসা মোঃ জুনাইদ আহমদ (২৪) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। সে নেত্রকোনা জেলার বরুনা গ্রামের মোঃ নিয়ামুল কবীরের ছেলে। জুনাইদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের মাষ্টার্সের ছাত্র।

থানা সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকাল ৩টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ জন শিক্ষার্থী সাদা পাথর ঘুরতে আসেন। সেখানে টিউব দিয়ে সাতার কাটার সময় অসাবধানতা বসত পাথরের সাথে ধাক্কা লাগে। এক পর্যায়ে আঘাত প্রাপ্ত হয়ে প্রচন্ড স্রোতে জুনাইদ আহমদ পানির নিচে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন অনেক খুঁজাখুঁজি করে বিকাল ৪টায় তার লাশ উদ্ধার করে।

পর্যটক নিহতের ঘটনাটি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী জানান, লাশ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরনের প্রস্তুতি চলছে।