৭শ’ কয়েদিকে মুক্তি দিলো ইরান

প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২৯, ২০২২
ছবি- সংগৃহীত

কাতার বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে জয়ের পর প্রায় ৭০০ কয়েদিকে মুক্তি দিয়েছে ইরান। ২৫ নভেম্বর যোগ করা সময়ে ২ গোলে ওয়েলসকে হারায় ইরান।

বার্তা সংস্থা এএফপি জানায়, ইরানের বিচার বিভাগ ‘মিজান’-এর ওয়েবসাইটে ওয়েলসের বিপক্ষে জয়ের পর ৭০৯ কয়েদির মুক্তির খবর জানানো হয়েছে। এসব কয়েদির মধ্যে ‘সাম্প্রতিক ঘটনায় গ্রেপ্তার কয়েকজন আছেন’—এমন জানিয়েছে ‘মিজান অনলাইন’। তবে এর বেশি কিছু জানানো হয়নি।

সাম্প্রতিক যে ঘটনার কথা সেখানে বলা হয়েছে, সেটি মূলত প্রায় দুই মাস ধরে ইরানে চলা সরকারবিরোধী আন্দোলন। গত সেপ্টেম্বরে হিজাব না পরার কারণে ইরানের নীতি পুলিশের হাতে আটক ও পরে নির্যাতনে মাসা আমিনি নামের এক তরুণী নিহত হওয়ার পর থেকে ছড়িয়ে পড়েছে আন্দোলন। সেটি এরপর রূপ নিয়েছে সহিংসতায়, যেখানে শিশুসহ শত শত মানুষ নিহত হওয়ার খবর আসে।

ইরানের অন্য সংবাদমাধ্যমগুলো জানায়, জামিনে মুক্তি পেয়েছেন প্রখ্যাত ইরানিয়ান অভিনেতা হেঙ্গামেহ গাজিয়ানি। চলমান আন্দোলনে সমর্থন জানানোর পর গ্রেপ্তার হয়েছিলেন তিনি। এ ছাড়া সাবেক আন্তর্জাতিক ফুটবলার ভোরিয়া গফুরি ও আন্দোলনকারী হোসেইন রোনাগিকেও ছেড়ে দেওয়া হয়েছে।

ইরানের বিচারব্যবস্থা জানায়, আন্দোলন শুরু হওয়ার পর প্রায় দুই হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভোল্কার টার্ক গত সপ্তাহে বলেছেন, এখন পর্যন্ত প্রায় ১৪ হাজার লোককে গ্রেপ্তার করা হয়েছে।