সিলেট বিভাগে বন্যার আশঙ্কা Desk Desk News প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৬ সংবাদ ডেস্ক: দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় হাওর অববাহিকায় বৃষ্টিপাত ও উজানের ঢলের কারণে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী কয়েক দিনে এ প্রবণতা আরও বাড়তে পারে, ফলে কিছু এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। মৌলভীবাজার জেলার মনু নদী মৌলভীবাজার পয়েন্টে প্রবাহিত হয়ে প্রাক-মৌসুমি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানি গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে এবং এসব নদী প্রাক-মৌসুমি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। আবহাওয়া পরিস্থিতি বিশ্লেষণে বলা হয়েছে, দেশের উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে এবং আগামী তিন দিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আন্তর্জাতিক আবহাওয়ার পূর্বাভাসেও বাংলাদেশসহ আশপাশের অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনার কথা বলা হয়েছে । এ পরিস্থিতিতে আগামী তিন দিনে কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়ে প্রাক-মৌসুমি বিপদসীমা অতিক্রম করতে পারে এবং সুরমা নদীর পানিও দ্রুত বাড়তে পারে। ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলার হাওর এলাকার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। একই সময়ে নেত্রকোনা জেলার ধলাই-কংস নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার হাওরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। এছাড়া কিশোরগঞ্জ জেলার ধনু-বাউলাই নদীর পানি আগামী ২৪ ঘণ্টায় বিপদসীমা অতিক্রম করতে পারে, যা স্থানীয়ভাবে জলাবদ্ধতা ও প্লাবনের ঝুঁকি বাড়াবে। অন্যদিকে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই ও জুড়ি নদীর পানি সমতলও আগামী কয়েক দিনে বাড়তে পারে। বিশেষ করে খোয়াই ও জুড়ি নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে প্রাক-মৌসুমি বিপদসীমা অতিক্রম করলে এসব জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। বন্যা পূর্বাভাস কেন্দ্র সতর্ক করে জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলের হাওর এলাকায় স্বল্প সময়ের মধ্যে পানি দ্রুত বৃদ্ধি পেলে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। বিশেষ করে নিম্নাঞ্চল ও হাওর এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। SHARES গণমাধ্যম বিষয়: