গোয়াইনঘাটে ২৪ লক্ষ টাকা মূল্যের মাদক উদ্ধার

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৬

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে বাড়ির বাইরে থেকে সাধারণ ধানের গোলা মনে হলেও ভেতরে সুকৌশলে লুকিয়ে রাখা হয়েছিল মাদকের বড় চালান। পরে বাড়িটিতে অভিযান চালয়ে ধানের গোলা থেকে ১ হাজার ২০৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কুটিনা বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের পাতনী গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার কুটিনা বেগম ওই গ্রামের তেরা মিয়ার স্ত্রী।

বিজ্ঞাপন দিন০১৩৪৫-৭১৭৫৭০

পুলিশ জানায়, রুস্তমপুর কলেজসংলগ্ন পাতনী এলাকায় বিপুল পরিমাণ মাদকের চালান মজুতের গোপন তথ্য পায় গোয়াইনঘাট থানা পুলিশ। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুকের নির্দেশনায় এসআই হামিদ সঙ্গীয় ফোর্স নিয়ে কুটিনা বেগমের বাড়িতে অভিযান চালান।

অভিযানের একপর্যায়ে পুলিশের সন্দেহ হয় বাড়ির ধানের গোলাকে ঘিরে। সেখানে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে একের পর এক ফেনসিডিলের বোতল। পরে গণনা করে মোট ১ হাজার ২০৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধার করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ ১০ হাজার টাকা।

গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অভিযান চালানো হচ্ছে। ধানের গোলার ভেতরে ফেনসিডিল লুকিয়ে রেখে মাদক পাচারের যে কৌশল নেওয়া হয়েছিল, পুলিশের নজরদারিতে তা ব্যর্থ হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।

এ ঘটনায় গোয়াইনঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলার নম্বর ০৮, তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৬। গ্রেপ্তার কুটিনা বেগমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।