পিএসসি’র মাধ্যমে কাননগো-তহশিলদার নিয়োগ দেওয়া হবে,ভূমিমন্ত্রী

Desk Desk

News

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২০

সিলকো ডেস্কঃ-খুব শিগগিরই বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে নন-ক্যাডার কানুনগো ও তহশিলদার (ভূমি সহকারী কর্মকর্তা) নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

বুধবার (১১ মার্চ) রাজধানীর নীলক্ষেতে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (এলএটিসি) ঊর্ধ্বমুখী সম্প্রসারিত ভবনের (৬ষ্ঠ হতে ১২ তলা) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, ‘পিএসসির মাধ্যমে এসব পদে নিয়োগের নীতিমালা তৈরির কাজ প্রায় শেষ। উচ্চ শিক্ষিত মাঠ পর্যায়ের ভূমি কর্মকর্তারা ভূমি সেবায় গুণগত পরিবর্তন আনবে।’

উপস্থিত প্রশিক্ষণরত সহকারী কমিশনারদের (ভূমি) সিভিল সার্ভিস কর্মকর্তা হিসেবে সততা ও দক্ষতার সঙ্গে কাজ করার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, ‘ভূমি মন্ত্রণালয়ে যতদিন আপনারা কাজ করবেন তার কর্মকৃতি মূল্যায়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে (বিসিএস প্রশাসন ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়) পাঠানো হবে। সেসব মূল্যায়নে আপনাদের পরবর্তী পদায়ন, পদোন্নতি এবং পদ থেকে প্রত্যাহার করার বিষয়ে সুপারিশ থাকবে।’

সহকারী কমিশনারদের উদ্দেশ্যে ভূমিমন্ত্রী বলেন, ‘আপনাদের সিদ্ধান্তে অনেক মানুষের পারিবারিক ও অর্থনৈতিক জীবনযাত্রায় প্রভাব পড়ে। সুতরাং মানুষের যেন হয়রানি না হয় তা সবসময় মনে রাখবেন।’

ভূমি মন্ত্রণালয় থেকে জানানো হয়, বরাদ্দ দেয়া অর্থ থেকে প্রায় এক কোটি ৪০ লাখ টাকা কমে প্রায় ১২ কোটি ৮৮ লাখ টাকায় ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ৬ষ্ঠ তলা হতে ১২তম তলা পর্যন্ত ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ শেষ হয়।

সব ধরনের আনুষঙ্গিক সুযোগ-সুবিধাসহ সম্প্রসারণের ফলে একটি স্বয়ংসম্পূর্ণ প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে এলএটিসির প্রশিক্ষণ দেয়ার সক্ষমতা বহুগুণ বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভূমি মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব থাকা অতিরিক্ত সচিব (অধিগ্রহণ ও সায়রাত) মো. সিরাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান বেগম উম্মুল হাছনা, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. আবদুল মান্নান, অতিরিক্ত সচিব (আইন) মো. মাসুদ করিম, ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মো. আব্দুল হাই, গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো. শওকত ঊল্ল্যাহ। এছাড়া ভূমি মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভিন্ন দফতর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বর্তমানে প্রশিক্ষণরত সহকারী কমিশনাররা (ভূমি) অনুষ্ঠানে ছিলেন।