করোনা-ভাইরাসরোধে শিবচরের সাথে দেশের যোগাযোগ বন্ধ

প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, মার্চ ২০, ২০২০

সিলকো ডেস্কঃ-করোনার কারণে মাদারীপুরের শিবচরে ওষুধ ও মুদি দোকান ছাড়া সব ব্যবসা প্রতিষ্ঠান ও গণপরিবহণ বন্ধের নির্দেশ প্রসাশনের।

বৃহস্পতিবার (১৯ই মার্চ) দুপুরে শিবচর উপজেলা পরিষদে জরুরি বৈঠকে বসেন ইউএনও, উপজেলা চেয়ারম্যান, পৌরমেয়রসহ প্রশাসনের কর্মকর্তা-রাজনৈতিক নেতৃবৃন্দ। সকলের মতামতের ভিত্তিতে সন্ধ্যা থেকেই বিধিনিষেধ আরোপের বিষয়ে সিদ্ধান্ত হয়।

সংক্রমণ ঠেকাতে মাদারীপুরের শিবচরে আজ সন্ধ্যা সাতটা থেকে ‘লকডাউন’ থাকবে। ফার্মেসি, মুদিদোকান আর কাঁচাবাজার ছাড়া সব বন্ধু থাকবে। এ জেলায়ই করোনা আক্রান্ত দেশ থেকে বেশি মানুষ এসেছে। সেখানেই বেশি নজরদারি করা হচ্ছে। তাই দেশের প্রথম লকডাউন করা হলো মাদারীপুরের শিবচর।

প্রশাসন জানিয়েছে, উপজেলায় কোনো ধরনের জনসমাগম করা যাবে না। প্রবাসী অধ্যুষিত এলাকা হিসেবে শিবচর করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকিতে থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।

এর আগে, বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে ঝুঁকিপূর্ণ এলাকাসমূহ লকডাউন করার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী ড. জাহিদ মালেক।

তিনি বলেন, কিছু কিছু এলাকা আছে যেখানে বিদেশ ফেরত অনেক মানুষজন কোয়ারেন্টাইন মানছেন না, কিছু এলাকায় অনেক বেশি বিদেশ ফেরত মানুষ অবস্থান করছেন। এসব এলাকাও প্রয়োজনে লকডাউন করা হবে।

জাহিদ মালেক আরো বলেন, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুরসহ বেশ কয়েকটি এলাকায় প্রয়োজনে লকডাউন করার কথা ভাবছে সরকার। তার এই বক্তব্যের পরই বিকেলে শিবচর লকডাউন করা হলো।

সূত্রঃ- ডিভিসি নিউজ। সিস-তাই