করোনা ভাইরাসের প্রভাবে ভারতে ২ হাজার ৫০০ শত বাংলাদেশী আটকা পড়েছে

Desk Desk

News

প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২০

সিলকো ডেস্কঃ-গত ২৫ মার্চ থেকে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত ভারতে সব ধরনের যান (বাস, রেল, বিমান) চলাচল বন্ধ। এর ফলে ওই দেশে আটক পড়েছেন প্রায় আড়াই হাজার বাংলাদেশি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সর্বশেষ তথ্য মতে এই হিসাব পাওয়া গেছে। এর মধ্যে এক হাজারের বেশি ছাত্র-ছাত্রী রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আটকেপড়া প্রবাসী বাংলাদেশিরা আর্থিক বা অন্য কোনও সমস্যার সম্মুখিন হলে হাইকমিশন ও অন্যান্য মিশনসমূহ তা সমাধানে সচেষ্ট আছে। পরিবেশ ও পরিস্থিতি স্বাভাবিক হলে ভারতসহ অন্যান্য দেশে আটকে পড়া বাংলাদেশিদের দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।’

এ অবস্থায় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনসহ ভারতে অবস্থিত বাংলাদেশের মিশনসমূহ বাংলাদেশিদের কল্যাণে সর্বদা সজাগ দৃষ্টি রাখছে এবং মিশনের কর্মকর্তারা আটকেপড়া দুই হাজার পাঁচশত জন বাংলাদেশির সঙ্গে বিভিন্নভাবে টেলিফোন, হটলাইনসহ বিভিন্ন মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

কোভিড-১৯ এর ব্যাপ্তি রোধকল্পে ভারত সরকারের নির্দেশনা অনুযায়ী, কোনও ধরণের বিদেশি (প্রবাসী ভারতীয়সহ) ১৪ এপ্রিল ২০২০ পর্যন্ত ভারতে প্রবেশ করতে পারবে না। ভারতীয় কর্তৃপক্ষ ভারত থেকেও কোনও বিদেশি নাগরিকের বহির্গমন নিরুৎসাহিত করছে। এছাড়া ভারতের আন্তঃরাষ্ট্রীয় যোগাযোগ ব্যবস্থাও এ মুহূর্তে বন্ধ রয়েছে।

চিকিৎসা, পর্যটন, শিক্ষাসহ বিভিন্ন কারণে বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যক নাগরিক প্রতিবছর ভারতে যান।

(সি/স-০৩এপ্রিল-তা/ই)