লোহাযুক্ত মুগুরপেটায় লাদাখে ২৩ ভারতীয় সৈন্য নিহত

Desk Desk

News

প্রকাশিত: ৮:৫৩ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০২০

 

আন্তর্জাতিক ডেস্ক:-লাদাখের গালওয়ান সীমান্তে গত সোমবার চীন ও ভারতের সঙ্গে চলা যুদ্ধে ২০ ভারতীয় সেনা নিহত হন। আহতদের মধ্যে আরও তিনজন মারা যাওয়ায় এ সংখ্যা ২৩-এ দাঁড়িয়েছে। তবে কোনো মারণাস্ত্র নয়, কাঁটা লাগানো রডের আঘাতে ভারতীয় সেনাদের হত্যা করেছে চীন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারর খবরে বলা হয়, লাদাখের সংঘর্ষস্থল থেকে কাঁটা লাগানো বেশ কিছু লোহার রড উদ্ধার করেছে ভারতীয় সেনারা। এ সব রড লম্বায় প্রায় চার ফুট। এর মাথার দিকে এক থেকে দেড় ফুট অংশে সারি সারি পেরেকের মতো ধারাল কাঁটা লাগানো। আর এগুলো দিয়েই নাকি চীনা সেনারা ভারতীয় সেনাদের আক্রমণ করেছে।

ভারতীয় সেনা কর্তাদের দাবি, ‘ক্লোজ কমব্যাট’ বা হাতাহাতির পর্যায়ে এ ধরনের রডের আঘাত আগ্নেয়াস্ত্রর থেকেও বেশি প্রাণঘাতী।

কাশ্মীরের উধমপুর সেনা হাসপাতাল এবং লাদাখের লেহ জেলা হাসপাতালে ভর্তি জওয়ানদের সঙ্গে ইতিমধ্যেই ভারতীয় সেনা কর্তারা কথা বলেছেন । তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় এক কোম্পানি জওয়ান (১০০ থেকে ১২০ জন) চীনা বাহিনীর হামলার মুখে পড়েন। তাদের দাবি, এই হামলা পরিকল্পিতভাবে করা হয়েছে। আগে থেকে পরিকল্পনা করেই ঘিরে ফেলা হয় ভারতীয় জওয়ানদের এবং সংখ্যায় ভারতীয় জওয়ানদের তুলনায় চীনা জওয়ানদের সংখ্যা ছিল কমপক্ষে চার থেকে পাঁচগুণ বেশি।

পুরোপুরি এক তরফা হামলায় চীনা বাহিনী এলোপাথাড়ি আঘাত করে ওই ধরনের কাঁটা লাগানো রড দিয়ে। সূত্রের খবর, যে চারজন জওয়ানের অবস্থা সংকটজনক ছিল, তাদের অবস্থার উন্নতি হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল। জওয়ানদের বেশির ভাগেরই মাথায় আঘাত। তাঁরা এক থেকে দু’সপ্তাহের মধ্যে ফের কাজে যোগ দিতে পারবেন।

ভারতীয় সেনাদের পক্ষ থেকে গত মঙ্গলবার বলা হয়, দায়িত্বরত অবস্থায় ‘ডি-এসক্যালেশন’ বা উত্তেজনা প্রশমনের প্রক্রিয়া চলছিল, তখনই দুপক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তাদের কমপক্ষে ২০ সেনা নিহত হন। ভারতীয় সেনারা দাবি করে, এ সংঘর্ষে চীনেরও বেশ কয়েকজন সেনা নিহত হয়েছে। তবে চীন এ হামলায় হতাহত নিয়ে কোনো কথা বলেনি।

সূত্র:-যুগান্তর, প্রিয়ডটকম

(সি/স-১৯ জুন-তা/ই)

লোহাযুক্ত মুগুরপেটায় লাদাখে ২৩ ভারতীয় সৈন্য নিহত