এমসি কলেজে তরুণীকে ধর্ষণকারী সাইফুরের হোস্টেল রুম থেকে উদ্ধারকৃত অস্ত্র

প্রকাশিত: ৮:৪০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২০

স্টাফ রিপোর্টার:-এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষনের ঘটনার অন্যতম হোতা ছাত্রলীগ ক্যাডার এম. সাইফুর রহমানের রুম থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে শাহপরাণ থানা পুলিশ এমসি কলেজের ছাত্রাবাসে এ অভিযান চালায়। এসময় সাইফুরের রুম থেকে ১টি আগ্নেয়াস্ত্র, ৪টি রামদা, ১টি ছোরা ও জিআই পাইপ উদ্ধার করা হয়।

করোনা পরিস্থিতিতে কলেজ ও ছাত্রাবাস বন্ধ থাকলেও সাইফুর অবৈধভাবে ছাত্রাবাসে অবস্থান করতো। তার সহকর্মীদের নিয়ে কলেজ ক্যাম্পাস, টিলাগড় ও বালুচর এলাকায় ছিনতাই, অপহরণ ও মাদক ব্যবসা করতো বলে অভিযোগ পাওয়া গেছে। রাতে বন্ধ ছাত্রাবাসে নিয়মিত জুয়া ও মাদকের আসর বসাতো এমন অভিযোগও রয়েছে সাইফুরের বিরুদ্ধে।

শাহপরাণ থানার ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, ধর্ষনের ঘটনার পর রাতে এমসি কলেজ ছাত্রাবাসে অভিযান চালানো হয়। এসময় সাইফুর রহমানের রুম থেকে আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও ছোরা উদ্ধার করা হয়।  এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

শুক্রবার সন্ধ্যায় এমসি কলেজ ক্যাম্পাসে বেড়াতে আসেন দক্ষিণ সুরমার শিববাড়ির এক তরুণী। এসময় স্বামীসহ ওই তরুণীকে সাইফুর ও তার সহযোগী ছাত্রলীগ ক্যাডাররা পার্শ্ববর্তী ছাত্রাবাসে তুলে নেন। পরে স্বামীকে বেঁধে তরুণীকে ধর্ষন করেন তারা।

খবর পেয়ে পুলিশ স্বামী ও স্ত্রীকে উদ্ধার করে। পরে তরুণীটিকে ওসমানী হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। ধর্ষনের ঘটনার পর পুলিশ অভিযানে নামলেও এ রিপোর্ট লিখা পর্যন্ত অভিযুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

(সি/স-২৬ সেপ্টেম্বর-তা/ই)