দুর্ঘটনায় নিহত প্রবাসী কর্মীর স্ত্রীর হাতে ২৫ লাখ টাকার চেক তুলে দিলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, জুন ২০, ২০২১ সৌদি আরবে দুর্ঘটনায় নিহত প্রবাসীর স্ত্রীর হাতে ২৫ লাখ টাকার চেক তুলে দিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। মন্ত্রী আজ(২০ জুন) দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ চত্বরে চেক হস্তান্তর অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সৌদি আরবে লিফট দুর্ঘটনায় নিহত প্রবাসী গোয়াইনঘাটের শাহীন আহমদের স্ত্রী লাকী বেগমের হাতে ক্ষতি পূরণের ২৫ লাখ টাকার চেক তুলে দেন। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, প্রবাসী কর্মীরা মারা গেলে মৃতদেহ দেশে আনার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সরকার। বিমানবন্দরে লাশ হস্তান্তরের সময় সেটি পরিবহন ও দাফনের খরচ হিসেবে দেওয়া হয় সরকারি অনুদান। এছাড়া মৃত প্রবাসী কর্মীর পরিবারের জন্য আর্থিক অনুদান আর মৃত্যুজনিত ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থাও করে থাকে। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- সিলেটের জেলা প্রশাসক এম, কাজী এমদাদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক প্রমুখ। প্রসঙ্গত, গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের ছৈলাখেল ৯ম খন্ডের আশ্রব খাঁ এর ছেলে শাহীন আহমদ প্রায় ৩ বছর আগে নির্মাণ শ্রমিক হিসেবে সৌদি আরবে গমন করেন। চলতি বছরের ফেব্রুয়ারী মাসের গোড়ার দিকে লিফট দূর্ঘটনায় শিকার হয়ে মৃত্যুবরণ করেন তিনি। এসময় তার ওয়ারিশ হিসেবে রেখে যান স্ত্রী লাকী বেগম সহ ২ ছেলে ও ২ মেয়ে। উল্লেখ্য, নিহত প্রবাসী কর্মী শাহীন আহমদের পরিবারের আর্থিক অসহায় অবস্থার কথা জানতে পেরে মন্ত্রী সৌদির নিয়োগ কারী প্রতিষ্ঠান থেকে মোট ২২ লাখ টাকার ক্ষতি পূরণ আদায়ের ব্যবস্থা করেন।এছাড়া তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় থেকে ৩ লাখ টাকা প্রদানের ব্যবস্থা করেন। বার্তা প্রেরক:-মোহাম্মদ রাশেদুজ্জামান মন্ত্রীর সহকারী একান্ত সচিব প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় (সি/স-২০ জুন-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: