দুই যুগ পর চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

প্রকাশিত: ১:৩৪ পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০২২

 

জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার পলাতক ও চার্জশিটভুক্ত আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘণ্টাব্যাপী অভিযানে তাকে আটক করে র‌্যাব।

মঙ্গলবার (৫ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে রাত সাড়ে ৯টার পর আশিষ রায় চৌধুরীর গুলশানের বাসায় অভিযান শুরু করে র‌্যাব।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন তখন গণমাধ্যমকে জানান, ২৪ বছর আগে চাঞ্চল্যকর ও বহুল আলোচিত জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার পলাতক ও চার্জশিটভুক্ত ১নং আসামি আশিষ রায় চৌধুরী বোতল চৌধুরীকে গ্রেপ্তারে গুলশানের একটি বাসা ঘিরে রেখেছে র‍্যাব। অভিযান চলছে।

সর্বশেষ গত ২০ মার্চ সোহেল চৌধুরী হত্যা মামলায় আজিজ মোহাম্মদ ভাইসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল ২-এর বিচারক জাকির হোসেন।

মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত বাকি দুই আসামি হলেন ট্রাম্স ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম ও সেলিম খান।

প্রসঙ্গত, ১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর বনানীর ক্লাব ট্রামসের নিচে চিত্রনায়ক সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তার ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় মামলা করেন। গোয়েন্দা পুলিশ ১৯৯৯ সালের ৩০ জুলাই ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

এ মামলায় কারাগারে আছেন তারিক সাঈদ মামুন ও হারুন অর রশীদ।