কোম্পানীগঞ্জের লাছুখালে অবৈধভাবে বালু উত্তোলন, জমজমাট চাঁদাবানিজ্য Desk Desk News প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২২ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার লাছুখাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে গ্রাম ও সরকারী স্থাপনা ধংসের দিকে ঠেলে দিচ্ছে স্থানীয় একটি চক্র। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে এই বালু লুট। স্থানীয় একটি চক্র প্রতি রাতে ১৫/১৬ টি নৌকা দিয়ে বালু উত্তোলন করছে। পুলিশের এক উর্ধতন কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে প্রতিটি নৌকা থেকে ১০০০ টাকা উত্তোলন করেন শুক্কু মিয়া নামের এক চাঁদাবাজ। এছাড়াও সরকারী খাস জমি নিজের দাবী করে প্রতিফুট বালু ৪ টাকা হারে বিক্রি করছেন স্থানীয় কয়েক ব্যক্তি। প্রতিদিন ৬০/৭০ হাজার টাকা হাতিয়ে নিচ্ছে কথিত জমির মালিকরা। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে রাজস্ব হারাচ্ছে সরকার।অন্যদিকে হুমকির মুখে রয়েছে গ্রাম ও সরকারী স্থাপনা। নদী ভাঙ্গণ প্রবন এলাকা লাছুখাল গ্রামের ভেতর থেকে গভীর গর্ত ক্ষুরে বালু উত্তোলন করায় বসতঘর, ব্রীজ ও মসজিদসহ বিভিন্ন স্থাপনা হুমকির মধ্যে রয়েছে। এভাবে বালু উত্তোলন করতে থাকলে পাহাড়ি বন্যায় পানির স্রোতে ভাঙ্গনের কবলে পড়তে পারে এসব স্থাপনা। এদিকে পুলিশের সেই কর্মকর্তা বালু চাঁদাবাজদের সাথে সখ্যতা নেই বলে জানান। তিনি জানান,যারা পুলিশের নাম ভাঙ্গিয়ে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। ইজারা বর্হিভূত অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি অবগত করলে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী নৌকা আটক করবেন বলে জানান। পরবর্তিতে প্রায় দেরঘন্টাতেও কোনো কার্যকর ভূমিকা না নেওয়ায় গোয়াইনঘাট সার্কেল (সিনিয়র সহকারী পুলিশ সুপার) প্রবাস কুমার সিংহকে অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে বললে তিনি জানান, এইসব বিষয় মূলত ইউএনও কিংবা এসিল্যান্ড সাহেবে দেখেন। তবে তিনি অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। থানায় সংবাদ পৌছানোর প্রায় দুই ঘন্টা পরে সিএনজিযোগে নৌকা আটকের জন্যে রওয়ানা দেন ওসি (তদন্ত) আল আমিন। এক পর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা বালুবাহী নৌকায় চড়ে বীরদর্পে চলে যায়। অবৈধ বালুবাহী নৌকা চলে যাওয়ার দৃশ্য দেখে অসহায় অবস্থায় দাঁড়িয়ে ছিলেন ওসি ( তদন্ত) আল আমিন। তিনি (ওসি-তদন্ত) প্রতিবেদকে জানান,আমরা গাড়ি দিয়ে এসেছি। আমরা আসার সঙ্গে সঙ্গেই বালুভর্তি নৌকা নিয়ে পালিয়ে যায় তারা। তবে আবার নৌকা বালু উত্তোলন করতে আসলে আমাদের তথ্য দিবেন তখন আমরাও নৌকা নিয়ে আসবো। SHARES গণমাধ্যম বিষয়: