আলফু চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ Desk Desk News প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ণ, মে ২৬, ২০২১ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৩নং তেলিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল ওয়াদুদ আলফুকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্যসহ বিভিন্ন অপপ্রচার ছড়ানো হচ্ছে। দুই দুইবারের নির্বাচিত ও নন্দিত এ চেয়ারম্যানের বিরুদ্ধে ওইসব আপত্তিকর মন্তব্যসহ বিভিন্ন অপপ্রচারে হতবাক ও বিস্মিত হয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলাবাসীসহ সুশীল সমাজ। অনেকে এই অপপ্রচারকে ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও নৈতিকতাবিরোধী বলেও মনে করছেন। গত ২৪ মে “গোপন তথ্য কোম্পানীগঞ্জ” নামের একটি ভুয়া (ফেক) ফেসবুক আইডিতে চেয়ারম্যান কাজী আব্দুল ওয়াদুদ আলফুকে নিয়ে “বর্তমান কোম্পানীগঞ্জে ত্রাসের রাজত্ব কায়েম করছে আলফু বাহিনী” সহ আরও বিভিন্ন আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করে পোস্ট করা হয়। ওই পোস্ট করার ফলে চেয়ারম্যান কাজী আব্দুল ওয়াদুদ আলফুর সম্মান চরমভাবে ক্ষুণ্ণ হওয়াতে এলাকায় তীব্র নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আপত্তিকর ওই পোস্টের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিবাদের ঝড় ওঠেছে। অসংখ্য ফেসবুক আইডিতে চেয়ারম্যান কাজী আব্দুল ওয়াদুদ আলফুর ছবি আপলোড দিয়ে ওই আপত্তিকর পোস্টের প্রতিবাদ জানানো হচ্ছে। এদিকে আপত্তিকর ও কুরুচিপূর্ণ অপপ্রচারের বিরুদ্ধে মঙ্গলবার ইউপি চেয়ারম্যান আলফুর মামাতো ভাই আকদ্দছ আলী কোম্পানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার নং-১৩২২/২৫.০৫.২০২১ইং। ওই পোস্টের সমালোচনা করে অনেকে বলছেন, বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে লালন করে ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে ত্বরান্বিত করতে যখন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ৩নং তেলিখাল ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান কাজী আব্দুল ওয়াদুদ আলফু নিরলসভাবে কাজ করছেন সেই মুহূর্তে তাঁর বিরুদ্ধে এমন আপত্তিকর ও কুরুচিপূর্ণ অপপ্রচার সত্যিই দুঃখজনক। আবার অনেকে অপপ্রচারকারীকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। অপপ্রচারের বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ বলেন- এসব বিষয়ে আমার জানা নেই। অপপ্রচার করা বিষয়গুলো নিয়ে কখনো কারো কোনো অভিযোগও আমি শুনিনি। নিজের বিরুদ্ধে আপত্তিকর ও কুরুচিপূর্ণ অপপ্রচারের বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও তেলিখাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী আব্দুল ওয়াদুদ আলফু বলেন- দুঃখ হয় তখন, যখন কেউ অপপ্রচার করতে থাকে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে আদর্শিত হয়ে ও তাঁরই সুযোগ্য উত্তরসূরি ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কর্মী হয়ে রাজনীতি করছি লোভ-লালসার উর্ধ্বে থেকে। রাজনীতি করছি মানুষের জন্য। সাধারণ জনগন আমাকে তাদের পবিত্র ভোট দিয়ে পরপর দুইবার চেয়ারম্যান পদে নির্বাচিত করেছেন। আমি যদি খারাপ মানুষই হতাম তাহলে আমাকে তাঁরা নির্বাচিত করবেন কেনো। সত্যিকার অর্থে অনেকের মতো আমিও আমার বিরুদ্ধে অপপ্রচার দেখে হতবাক ও বিস্মিত হয়েছি। যা সত্যিই দুঃখজনক ও নিন্দনীয়। অপপ্রচারকারীদের উদ্যেশ্য করে আলফু বলেন- যারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, আপনারা সঠিক তথ্য যাচাই বাছাই করে প্রচার করবেন। নতুবা এসব অপপ্রচার চালানো বন্ধ করুন। একটি সাজানো হত্যা মামলার আসামি আমি। ওই মামলা আদালতে বিচারাধীন। আমার আশা নয় বিশ্বাস ওই মামলা থেকে আমি বেকসুর খালাস পাবো। এছাড়া আমি চ্যালেঞ্জ করে বলছি আমার বিরুদ্ধে ভূমি দখল, জুলুম, ডাকাতি, চাঁদাবাজির একটি সুনির্দিষ্ট অভিযোগ উপস্থাপন করুন। কথা দিচ্ছি আমি নিজেই জনতার আদালতে দাঁড়াবো। জনতা আমার বিরুদ্ধে যে রায় দিবেন সেই রায় আমি মেনে নেবো। বর্তমানে ওই অপপ্রচারকারী “গোপন তথ্য কোম্পানীগঞ্জ” আইডির বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় আমার মামাতো ভাই আকদ্দছ আলী একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। প্রয়োজনে আমি পরবর্তীতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে বাধ্য হবো। কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম নজরুল সাধারণ ডায়েরির (জিডি) বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, যেহেতু ফেসবুক আইডিটি ভুয়া (ফেক) এ জন্য ওই আইডি ব্যবহার কে করছে তা শনাক্ত করতে প্রযুক্তির সহায়তা নেওয়া হবে। (সি/স-২৬ মে-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: