গোয়াইনঘাটে ট্রিপল মার্ডার, আশংকাজনক একজন

প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০২১

 

গোয়াইনঘাটের ফতেহপুর ইউনিয়ন বিন্নাকান্দি দক্ষিণ পাড়া গ্রামে একই পরিবারের ৩ জনকে গলা কেটে ও কুপিয়ে হত্যা হয়েছে। অপর ১ জনকে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহতের প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে বুধবার সকালে পুলিশ লাশ তিনটি উদ্ধার করে ও আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠায়।

নিহতরা হলেন- বিন্নাকান্দি গ্রামের হিফজুর রহমানের স্ত্রী আলিমা বেগম (৩০), তার ছেলে মিজান (১০) ও মেয়ে তানিশা (৩)। আশঙ্কাজনক অবস্থায় হিফজুর রহমানকে (৩৫) ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের প্রতিবেশী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে প্রতিবেশিরা হিফজুরের ঘরের সামনে যান। ভেতর থেকে ঘুঙ্গানির শব্দ শুনে তারা দরজায় ধাক্কা দেন। এসময় ঘরের দরজা খোলা ছিল। ভেতরে প্রবেশ করে খাটের মধ্যে তিন জনের জবাই করা ও কুপানো মরদেহ ও হিফজুরকে রক্তাক্ত দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে গোয়াইনঘাট থানার এসআই মহসিনের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে লাশ তিনটি উদ্ধার করেন এবং হিফজুরকে হাসপাতালে পাঠান। হিফজুরের শরীরের বিভিন্ন স্থানে দায়ের কোপ ছিল।

গোয়াইনঘাট থানার ওসি আবদুল আহাদ একই পরিবারে তিনজন নিহতের ঘটনা নিশ্চিত করে বলেন, আহত ব্যাক্তি সুস্থ হলে মূল ঘটনা রহস্য উদঘাটন হবে।তিনি আরও জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বটি দা দিয়ে কুপিয়ে কে বা করা এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ঘটনার কারণ খুঁজে দেখছে পুলিশ।

(সি/স-১৬ জুন-তা/ই)