জাফলংয়ে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার Desk Desk News প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২১ সিলেটের গোয়াইনঘাটের জাফলং পর্যটনকেন্দ্রে বেড়াতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়ার দুইদিন পর ইমরান আহমেদ (১৮) নামের এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৪ জুলাই) বেলা আড়াইটার দিকে জাফলংয়ের ডাউকি নদীর জিরো পয়েন্টে তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত ইমরান আহমেদ টাঙ্গাইলের ঘাটাইল থানার ফুলমালির চালা এলাকার ফরিদ মিয়ার ছেলে এবং ফজরগঞ্জ মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী। নিহতের লাশ সূরতহাল শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, ঈদের পরদিন বৃহস্পতিবার সকালে ইমরানসহ ১৪ জন বন্ধু মিলে টাঙ্গাইল থেকে জাফলংয়ে বেড়াতে আসেন। দুপুরের পরে ইমরানসহ তিন বন্ধু জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় নদীতে গোসল করতে নামেন। এ সময় সাঁতার না জানায় বন্ধুদের অগোচরে স্রোতের টানে পানিতে ডুবে নিখোঁজ হন ইমরান। (সি/স-২৪ জুলাই-তা/ই) SHARES মৃত্যু সংবাদ বিষয়: