সিলেট-৩ আসনের উপ-নির্বাচন স্থগিত চেয়ে নির্বাচন কমিশনারকে আইনি নোটিশ

Desk Desk

News

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২১

 

করোনার উর্ধ্বমুখী সংক্রমণ পরিস্থিতির মধ্যে সিলেট-৩ আসনের উপ-নির্বাচন স্থগিতের জন্য প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রবিবার (২৫ জুলাই) সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবীর পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির এ নোটিশ প্রেরণ করেন। পাঁচ আইনজীবী হলেন- মো. মুজাহিদুল ইসলাম, আল রেজা মো. আমির, মো. জোবায়দুর রহমান, মো. জহিরুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান।

নোটিশে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে চলমান লকডাউনেও নির্বাচন স্থগিত রাখা সম্ভব নয়। কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১২৩ এর দফা ৪ শর্তানুসারে সিলেট উপ-নির্বাচন অনুষ্ঠানের সময়সীমা ২০২১ সালের সেপ্টেম্বর মাসের ৭ তারিখ পর্যন্ত। তাই ‘আগামী ২৮ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচন স্থগিত করা যাবে না’ এই বক্তব্য আইনের সঠিক ব্যাখ্যা নয়। বাংলাদেশ নির্বাচন কমিশনের উচিত চলমান করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি বিবেচনায় নিয়ে লকডাউনের সময়ে নির্বাচন না করা এবং আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে অন্য যেকোনও দিন ভোটগ্রহণের দিন নির্ধারণ করা। ৩ লাখ ৫২ হাজার ভোটারের এই নির্বাচন অনুষ্ঠান সরকারের বর্তমান লকডাউন নীতিরও বিরোধী।

তাই নোটিশে আগামী ২৮ জুলাই নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা না থাকায় ভোটগ্রহণ স্থগিতের অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় এ বিষয়ে উচ্চ আদালতের শরণাপন্ন হতে বাধ্য হতে হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

(সি/স-২৫ জুলাই-তা/ই)