শেরপুরে এটিএম বুথ ডাকাতির প্রধান পরিকল্পনাকারী গ্রেফতার

প্রকাশিত: ৩:৩৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২১

সিলেটের ওসমানীনগর উপজেলার শেরপুরে এটিএম বুথ ডাকাতির ঘটনায় পূর্বে আরও তিনজন গ্রেপ্তারের পর এবার অন্যতম পরিকল্পনাকারী আরও একজনকে গ্রেপ্তার করেছে সিলেট জেলা পুলিশ।

বুধবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় হবিগঞ্জ সদর উপজেলার পাঁচপাড়িয়া গ্রাম থেকে সাফি উদ্দিন জাহির নামের ওই ব্যক্তিতে গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা পুলিশের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন- গত ১২ সেপ্টেম্বর ঘটনার পর ডিবির দুই ওসি সাইফুল আলম ও মো. ইকতিয়ার উদ্দিনের সমন্বয়ে বিশেষ টিম ঘটনায় জড়িতদের শনাক্ত করতে বিভিন্ন জায়গায় অভিযানে নামে। সর্বশেষ আসামিদের অবস্থান হবিগঞ্জ জেলায় শনাক্ত হওয়ায় তিনদিন একাধিক স্থানে অভিযানের এক পর্যায়ে বুধবার সন্ধ্যায় সফল হয় সিলেট জেলা ডিবি।

শেরপুরে এটিএম বুথ ডাকাতির প্রধান পরিকল্পনাকারী গ্রেফতার

এসপি ফরিদ উদ্দিন জানান- ইতোপূর্বে ডিএমপি ডিবি কর্তৃক গ্রেপ্তারকৃত ৩ আসামির মধ্যে শামীম ও জেলা ডিবি কর্তৃক গ্রেপ্তার জাহির দীর্ঘদিন দুবাই থাকা অবস্থায় তাদের মধ্যে সখ্যতা গড়ে উঠে। দুইজনই দেশে ফিরে জড়িয়ে পড়ে চুরি ডাকাতিসহ বিভিন্ন অপকর্মে। সবশেষ শেরপুরে এটিএম বুথ লুটের ঘটনাটিও তাদের পরিকল্পনাতেই বাস্তবায়িত হয়।

তিনি জানান- ডিএমপি ডিবি কর্তৃক গ্রেপ্তারকৃত শামীম এক সময় ওমানে থাকা অবস্থায় সেখানকার স্থানীয় ব্যাংকের এটিএম বুথ ডাকাতির ঘটনায় ০৮ বছর কারাবাস করে। শেরপুরের ঘটনার পরেও সে বিদেশে পালিয়ে যাবার চেষ্টা করে। জেলা গোয়েন্দা পুলিশ শামীমের বাসা তল্লাশি করে ঘটনায় ব্যবহৃত শামীমের পালসার মোটরসাইকেল এবং পাসপোর্ট জব্দ করে।

এর আগে গত ১২ সেপ্টেম্বর রাত ৩টায় ওসমানীনগর থানার শেরপুরস্থ নতুনবাজারে ইউসিবি ব্যাংকের এটিএম বুথে হানা দিয়ে নিরাপত্তা প্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে বুথে রক্ষিত ২৪ লক্ষ ৫ হাজার ২০০শত টাকা লুট করে নিয়ে যায় সশস্ত্র ৪ ডাকাত।

এরপর, গত মঙ্গলবার ঢাকা ও হবিগঞ্জে অভিযান চালিয়ে মো. শামীম, নুর মোহাম্মদ ও মো. আব্দুল হালিমকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা পুলিশ।

 

সৌজন্যে:- সিলেট ভয়েস ডট কম