জন্মদিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২২ স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল সাড়ে ৭টার দিকে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনা দলের শীর্ষ নেতাদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর একে একে আওয়ামী লীগ, যুবলীগ, যুব মহিলালীগসহ অন্যান্য সংগঠনগুলো বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জাতির পিতার কল্যাণেই আজ আমরা মুক্ত হাওয়ায় বিচরণ করছি। তার জন্ম না হলে আমরা এই স্বাধীন দেশ পেতাম না। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেন, যারা জাতির পিতার জন্মদিন পালন করে না তারা দেশদ্রোহী। তাদের পালন না করাতে দেশের কোনো ক্ষতি হবে না। তবে তাদের উদ্দেশ্য সম্পর্কে জাতিকে জানতে হবে। দিনটি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি এদিন ‘টুঙ্গিপাড়া :হৃদয়ে পিতৃভূমি’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে। কর্মসূচিতে রয়েছে দুপুর সাড়ে ১২টায় জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন এবং দুপুর আড়াইটায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো আজ থেকে সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করবে। এর অংশ হিসেবে আজ সকাল সাড়ে ৬টায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৭টায় ধানমন্ডি বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতি ও সাড়ে ১০টায় টুঙ্গিপাড়ায় তার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন এবং মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। আওয়ামী লীগের উদ্যোগে আগামীকাল শুক্রবার দুপুর আড়াইটায় টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধ প্রাঙ্গণে আলোচনা সভা হবে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সভায় দলের কেন্দ্রীয় নেতারা এতে অংশ নেবেন। SHARES গণমাধ্যম বিষয়: