নিউমার্কেটে ব্যবসায়ীদের সাথে সংঘর্ষে ঢাকা কলেজের দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ

Desk Desk

News

প্রকাশিত: ৪:০৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১৯, ২০২২

নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের গুলিতে ঢাকা কলেজের দুই শিক্ষার্থী আহত হয়েছেন।

সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আহতরা হলেন- মোশাররফ হাজারি (২৪) ও রজব ইসলাম (২৭)।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, পুলিশ আমাদের লক্ষ্য করে রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে মোশারফ হোসেন রাবার বুলেটে আহত হন। অন্যদিকে পুলিশের ছোড়া টিয়ার শেল এসে রজবের বুকে লাগে।

এদিকে আহতদের মধ্যে মোশাররফের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরে প্রায় অর্ধশতাধিক রাবার বুলেটের চিহ্ন দেখা গেছে। তাকে আইসিইউতে নিতে বলেছে চিকিৎসক।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি ঢাকা পোস্টকে বলেন, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে ঢাকা কলেজের দুই শিক্ষার্থী আহত হয়েছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

এদিকে সংঘর্ষের ঘটনায় দুই ব্যবসায়ী আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছিল। ঘটনাস্থল থেকে ডিএমপির নিউমার্কেট জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) শরীফ মুহাম্মদ ফারুকুজ্জামান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। দুই পক্ষকে শান্ত করতে পুলিশ কাজ করছে।