আব্দুল গাফফার চৌধুরীর মৃত্যুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর শোক

প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, মে ১৯, ২০২২

 

বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, বুদ্ধিজীবী ও স্বাধীনতাপদক প্রাপ্ত লেখক আব্দুল গাফফার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, এমপি।

প্রবাসী কল্যাণ মন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, “আব্দুল গাফফার চৌধুরী তাঁর মেধা-কর্ম ও লেখনিতে বাঙালি সংস্কৃতি, বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা এবং বাঙালির অসাম্প্রদায়িক মননকে ধারণ করেছেন। তাঁর মৃত্যুতে দেশ একজন বরেণ্য কবি, লেখক, সাংবাদিক ও দেশ প্রেমিক ব্যক্তিত্বকে হারাল। তাঁর মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি তাঁর কর্ম ও লেখনির মাধ্যমে দেশবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।”

মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।