কোম্পানীগঞ্জে ত্রাণ পেলেন ৫৮০০ পরিবার

Desk Desk

News

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, মে ২২, ২০২২

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কোম্পানীগঞ্জ উপজেলায় ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন বন্যা কবলিত এলাকার মানুষজন। উপজেলার  ছয়টি ইউনিয়নের প্রায় সব গ্রাম ছিল পানিবন্দি। বর্তমানে পানি কিছুটা কমে যাওয়ায় আশ্রয় কেন্দ্র থেকে অনেক বন্যাদুর্গত পরিবার ফিরছেন নিজ গৃহে। এমন পরিস্থিতিতে বন্যাদুর্গত এলাকায় সরকারি ও বেসরকারি ত্রাণ বিতরণ করা হচ্ছে। উপজেলা প্রশাসনের ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্তের জন্য নেওয়া হচ্ছে পুর্নবাসনের ব্যবস্থা।

সিলেট ৪ আসনের সংসদ সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির নির্দেশনায় কোম্পানীগঞ্জ উপজেলায় বন্যা কবলিত মোট ৫ হাজার ৮০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মন্ত্রীর নির্দেশে পানি কমে গেলে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুর্নবাসনের ব্যবস্থারও উদ্যোগ নেওয়া হচ্ছে।

কোম্পানীগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাছে ১০ কেজি করে ৩২ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে ৩২০০ টি পরিবারের মাঝে। জি আর হতে এক লক্ষ টাকা মূল্যের ২৩০ টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী, ১ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের ৪০০ প্যাকেট শিশু খাদ্য ৪০০ টি পরিবারের মাঝে, বিশেষ বরাদ্দ হিসেবে ৮০০ প্যাকেট শুকনো খাবার এবং উপজেলা পরিষদ থেকে ২ লক্ষ টাকা মূল্যের ১১৫০টি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এই ত্রাণ কার্যক্রমের আওতায় কোম্পানীগঞ্জে বন্যাদুর্গত মোট ৫৭৮০ টি পরিবার ত্রাণ পেয়েছে।

এছাড়াও বেসরকারি ভাবে বিভিন্ন সামাজিক সংগঠন, প্রবাসী সংগঠন, বিভিন্ন বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের পক্ষ থেকে শুকনো খাবার ও চাল বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মহোদয়ের নির্দেশনায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে। ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে।