১৭ মার্চ পরে অনলাইন পোর্টালের নিবন্ধন দেওয়া শুরু হতে পারে Desk Desk News প্রকাশিত: ১০:৩৫ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০২০ সিলকো ডেস্কঃ-তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ১৭ মার্চের পর অনলাইন নিউজ পোর্টালগুলোর নিবন্ধন দেওয়ার চেষ্টা করবেন। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক বিশিষ্ট সাংবাদিক প্রয়াত শাহ আলমগীরের ওপরে লেখা ‘স্বপ্নের সারথি শাহ আলমগীর’ নামক স্মারক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। বুধবার জাতীয় প্রেসক্লাবে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মফিজুর রহমান, জিটিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা ও শাহ আলমগীরের স্ত্রী ফৌজিয়া আলমগীর। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘অনলাইন নিউজ পোর্টালগুলোর রেজিস্ট্রেশন করার জন্য দরখাস্ত আহবান করেছিলাম। সেখানে সাড়ে তিন হাজারের বেশি দরখাস্ত পড়েছে। অনলাইন টিভিগুলোকেও আমরা রেজিস্ট্রেশনের আওতায় আনার উদ্যোগ নিয়েছি। এখানে ৫০০-এরও বেশি আবেদন পড়েছে। আমরা অনেক আগে থেকেই রেজিস্ট্রেশন দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু পারিনি। কারণ তদন্তগুলো আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাইনি। বারবার তাগাদা দেওয়ার পর কিছুসংখ্যক রিপোর্ট পেয়েছি। একটি সংস্থা থেকে এক হাজারের বেশি, আরেকটি সংস্থা থেকে একশ’রও কম প্রতিবেদন পেয়েছি। সুতরাং একটি সংস্থার রিপোর্টের ওপর ভিত্তি করে তো রেজিস্ট্রেশন দেওয়া যায় না, সে জন্য আরেকটু সময় অপেক্ষা করতে হবে।’ মন্ত্রী বলেন, ‘প্রতিষ্ঠিত অনলাইন নিউজ পোর্টালগুলোকে প্রথম ধাপেই রেজিস্ট্রেশন দিতে চাই। তাদের রিপোর্ট যেন দ্রুত আসে, সে জন্য অপেক্ষা করছি। ১৭ মার্চের পর থেকে আমরা রেজিস্ট্রেশন দেওয়ার চেষ্টা করব। আমি নিশ্চিত করে বলতে পারছি না।’ চলচ্চিত্র প্রকাশনা ও অধিদফতরে সংবাদপত্র প্রচারের সংখ্যা বছরের পর বছর হযবরল অবস্থায় বিরাজ করছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, এটার শৃঙ্খলার মধ্যে আসা প্রয়োজন। সে জন্য তিনি সবার সহযোগিতা চান। মন্ত্রী বলেন, দেখা যায় যে পত্রিকাগুলো মানুষ চেনে না, সেগুলো এখন ভালো পত্রিকাগুলোর কাছাকাছি চলে গেছে। তিনি এ পরিস্থিতির উত্তরণ চান। এতে সংশ্লিষ্টদের পাশাপাশি তারা এনবিআরেরও সহযোগিতা চেয়েছেন বলে জানান। সাংবাদিক শাহ আলমগীরকে স্মরণ করে হাছান মাহমুদ বলেন, তিনি উঁচু মাপের সাংবাদিক ছিলেন, ভালো মানুষ ছিলেন। পিআইবির একজন মহাপরিচালক হিসেবেও একজন দক্ষ ছিলেন। তার সময়ে অনেক কাজ হয়েছে, যা আগে হয়নি। তিনি নিরহংকার, নির্লোভ, প্রচারবিমুখ ও মিতভাষী ছিলেন। এমন ভালো মানুষ কম হন। মন্ত্রী বলেন, আজ সমাজে ভালো মানুষের বড় অভাব। পৃথিবীতে মানুষের সংখ্যা এখন প্রায় পৌনে আট বিলিয়ন। মানুষ বাড়ছে কিন্তু ভালো মানুষের সংখ্যা কমছে। আর মানুষ প্রচন্ডভাবে আত্মকেন্দ্রিক হচ্ছে। মানুষ নিজেকে নিয়ে ভাবে। অন্য কাউকে নিয়ে ভাবে না। শাহ আলমগীরের কাছ থেকে অনেক কিছু শেখার আছে বলে জানান তিনি। SHARES জাতীয় বিষয়: