কুয়েতের প্রধানমন্ত্রী পদে পুনরায় স্বপদে বহাল শেখ সাবাহ আল-খালিদ

প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২০

সিলকো ডেস্ক:-কুয়েতের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় মনোনয়ন পে্য়েছেন শেখ সাবাহ আল-খালিদ আল-সাবাহ। দেশটির পার্লামেন্ট নির্বাচনের পর মঙ্গলবার শেখ সাবাহকে পুনরায় স্বপদে বহাল করেন কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-সাবাহ। খবর আল জাজিরা।

রাষ্ট্রীয় বিষয়ে কুয়েতের আমিরের সিদ্ধান্তই চূড়ান্ত। দেশটিতে সরকার ও পার্লামেন্টের মধ্যকার সেতুবন্ধন হিসেবে কাজ করেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার অনুমোদনের জন্য মন্ত্রিসভার সদস্যদের মনোনীত করতে শেখ সাবাহকে নির্দেশ দিয়েছেন শেখ নাওয়াফ। তবে এই নির্বাচনে বিরোধীদের অবস্থান গতবারের চেয়ে আরো বেশি শক্তিশালী হয়েছে।

২০১৯ সালে প্রথমবার প্রধানমন্ত্রী মনোনীত হওয়ার আগে শেখ সাবাহ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১১ সাল থেকে তিনি এই পদের দায়িত্বে ছিলেন।

কুয়েতে এবারের পার্লামেন্ট নির্বাচনে ২৯ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে তাদের কেউই জয়লাভ করতে পারেননি। এদিকে পার্লামেন্টে ৫০ সদস্যের বিরোধী দলীয় জোট জয়লাভ করেছে। নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ৩২৬ জন।

দেশটিতে পার্লামেন্ট সক্রিয় থাকলেও রাজনৈতিক দল নিষিদ্ধ রয়েছে। প্রার্থীরা ব্যক্তিগতভাবে নির্বাচন করার নিয়ম থাকলেও অনেকে তৈরি করেছেন অঘোষিত জোট বা গোষ্ঠী। রাজনৈতিক সংস্কারের পক্ষে থাকা এমন ‘বিরোধী গোষ্ঠী’ এ বছর প্রায় অর্ধেক আসনে জয়লাভ করেছে। এ গোষ্ঠীটি গত নির্বাচনে ১৬টি আসন জিতেছিল, যা এবার বেড়ে দাঁড়িয়েছে ২৪টিতে।

(সি/স-৮ডিসেম্বর-তা/ই)