কোম্পানীগঞ্জে আন্তঃজেলা মোটর সাইকেল ছিনতাই চক্রের প্রধান সজলসহ ৭ জন গ্রেফতার

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, জুন ১, ২০২১

সিলেটের কোম্পানীগঞ্জ থানাধীন সাইফুর রহমান ডিগ্রী কলেজের সামনে মোটর সাইকেল ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামীসহ চক্রের সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার ৩০ মে বিকাল ৫টা থেকে ৩১ মে সোমবার দিবাগত রাতব্যাপী  সিলেট জেলা গোয়েন্দা শাখা,এসএমপি,কানাইঘাট থানা
ও কোম্পানীগঞ্জ পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকৃত দুইটি মোটরসাইকেল উদ্দ্ধারসহ ছিনতাইকারীদেরকে গ্রেফতার করা হয়েছে।চক্রটি দীর্ঘদিন যাবত সিলেটের গোয়াইনঘাট,কোম্পানীগঞ্জ,জৈন্তাপুর,কানাইঘাট,জকিগঞ্জসহ মহানগরীর অলিগলিতে মোটরসাইকেল ছিনতাই করে আসছিল।

কোম্পানীগঞ্জে আন্তঃজেলা মোটর সাইকেল ছিনতাই চক্রের প্রধান সজলসহ ৭ জন গ্রেফতার

গ্রেপ্তারকৃতরা হলো- কোম্পানীগঞ্জ থানার দক্ষিন বুড়দেও গ্রামের আব্দুস সালামের ছেলে সজল আহমদ (২৪), এসএমপি শাহপরান থানার ইসলামপুর এলাকার মৃত বদরুল ইসলামের ছেলে খায়রুল ইসলাম রায়হান (২০), এসএমপি শাহপরান থানাধীন সুরমা গেট এলাকার বশির আহমদ এর ছেলে আল আমিন হোসেন শিমুল (২০),একই এলাকার আব্দুল মোতালেব এর ছেলে জিহাদ (২০), কানাইঘাট থানাধীন ঢালাইচর গ্রামের হারুনুর রশিদ এর ছেলে আলী হোসেন জনি (২৪), শিবনগর গ্রামের এবাদত রহমানের ছেলে মারুফ আহমদ (২৭) ও শ্রীপুর গ্রামের মৃত কুতুব আলীর ছেলে দেলোয়ার হোসেন দুলাল।

উক্ত অভিযান পরিচালনা করেন কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম,সিলেট জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ , মোঃ সাইফুল ইসলাম, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল জাহান কাজল,  কোম্পানীগঞ্জ থানার অপারেশন অফিসার  এসআই সুকোমল ভট্টাচার্য্য।এছাড়াও অভিযানে অংশগ্রহণ করেন এসআই কোম্পানীগঞ্জ থানার এসআই এয়াকুব হোসেন কানাইঘাট থানার এএসআই সুভাশিষ চৌধুরী।

পুলিশ জানায়- গত ১০ মে সন্ধ্যার সময় কোম্পানীগঞ্জ থানাধীন দয়ারবাজার পয়েন্ট থেকে ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক কোম্পানীগঞ্জ কালিবাড়ী গ্রামের বিলাল আহমদকে এক ছদ্দবেশী ছিনতাইকারী বুড়িডহর গ্রামে যাওয়ার জন্য ৩৫০ টাকায় চুক্তি করে। রাত সাড়ে ৭টার সময় সাইফুর রহমান ডিগ্রী কলেজের সামনে পূর্বের পরিকল্পনা অনুযায়ী অজ্ঞাত দুই ছিনতাইকারী রাস্তায় ব্যারিকেড দেয়। পরে যাত্রীবেশী ছিনতাইকারীসহ অজ্ঞাত দুইজন ছুরি দিয়ে প্রাণনাশের ভয় দেখিয়ে বিলাল আহমদ এর মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়।

সাম্প্রতিককালে কোম্পানীগঞ্জে এরকম যাত্রীবেশী কয়েকটি ছিনতাইয়ের ঘটনায় পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম উদ্বেগ প্রকাশ করে ছিনতাইকারী চক্রকে গ্রেপ্তারের জন্য বিশেষ নির্দেশনা দেন। নির্দেশ পেয়ে থানা পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা ছিনতাইকারী চক্রটিকে চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযানে নামে। এরই ধারাবাহিকতায় ৩০ মে রোববার বিকাল পাঁচ টা থেকে ৩১ মে দিবাগত রাতব্যাপী জেলা গোয়েন্দা শাখা (উত্তর), কোম্পানীগঞ্জ থানা এবং কানাইঘাট থানার কয়েকটি টিম কানাইঘাট থানা, এসএমপি এবং কোম্পানীগঞ্জ থানার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযানে উল্লেখিত আসামিদের গ্রেপ্তার করে।

পুলিশের ভাষ্য মতে, আটক সাতজনের মধ্যে সজল আহমদ ঘটনার সময় সরাসরি ছিনতাইকাজে অংশগ্রহন করে। অপর আসামীরা পরস্পর যোগসাজশে ছিনতাইকৃত মোটর সাইকেল একে অপরের নিকট বিক্রি করেছে। সবশেষ বিবাদী মারুফ এর হেফাজত থেকে ভিকটিমের ছিনতাইকৃত মোটর সাইকেল উদ্ধার করা হয়। এছাড়া আসামি আল আমিন শিমুলের তথ্যের ভিত্তিতে অপর একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে, যেটি আপাতত চোরাই মোটর সাইকেল বলা ধারণা করা হচ্ছে।

এ ব্যপারে ভিকটিম বিলালের অভিযোগের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানায় দন্ড বিধি ৩৯৪,৪১১,৪১৪,৩৪ ধারার মামলা রুজু হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামি সজলের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানা, এসএমপি কোতয়ালী এবং এয়ারপোর্ট থানায় ইতিপূর্বে ছিনতাই (দ্রুত বিচার) সহ মোট ৫ টি মামলা রয়েছে। আসামী রায়হানের বিরুদ্ধে এসএমপি শাহপরান থানায় ২টি দ্রুত বিচার এবং অপর একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে। আসামী দুলাল এর বিরুদ্ধে পুলিশ এসল্ট, হত্যা চেষ্টা সহ মোট ৪ টি মামলা রয়েছে। আসামীদের ইতোমধ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল জাহান কাজল জানান,চক্রটিকে ধরার জন্যে সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন (পিপিএম) স্যারের কঠোর নির্দেশ ছিল।জেলা গোয়েন্দা শাখা, এসএমপি,কানাইঘাট ও কোম্পানীগঞ্জ থানার সহযোগীতায় প্রধাম আসামীসহ সহযোগীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি।এসপি স্যারের নির্দেশনায় কোম্পানীগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় ইতোমধ্যে উপজেলার প্রধান প্রধান পয়েন্টে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। এখন থেকে কোনো প্রকার অপ্রতিকার ঘটনা ঘটলে আমরা খুব সহজেই অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হবো।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, সাম্প্রতিককালে কোম্পানীগঞ্জসহ বেশ কিছু এলাকায় ছিনতাইয়ের ঘটনায় পুলিশ সুপার মহোদয়ের ক্লোজ মনিটরিংয়ে কোম্পানীগঞ্জ, কানাইঘাট থানা এবং ডিবির কয়েকটি টিম বিরামহীন অভিযানে মূল ছিনতাইকারীসহ চক্রের সাতজন কে গ্রেপ্তার করা হয়েছে। তাদের তথ্যের ভিত্তিতে ইতিমধ্যে ২টি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। অন্যান্য ছিনতাইকারী গ্রেপ্তারসহ উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে জেলা পুলিশ।

(সি/স-০১ জুন-তা/ই)