কুরাসাও গোলরক্ষকের যৌথ বিশ্বরেকর্ড

প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ণ, জুন ২১, ২০২৬
Oplus_131072

খেলাধুলা: বিশ্বকাপের মঞ্চে ছোট দলের বীরত্বের গল্প নতুন করে লিখলেন কুরাসাওয়ের ৩৭ বছর বয়সী গোলরক্ষক। ইকুয়েডরের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে নিজের জাল অক্ষত রেখে রেকর্ড বইয়ে নাম তুলে নিয়েছেন কুরাসাওয়ের এলয় রুম।

এই ম্যাচে এলয় রুম ১৫টি সেভ করেছেন, যা ১৯৬৬ সাল থেকে অফিসিয়াল সেভ পরিসংখ্যান গণনা শুরুর পর বিশ্বকাপের এক ম্যাচে সর্বোচ্চ যৌথ রেকর্ড। ২০১৪ সালে বেলজিয়ামের বিপক্ষে যুক্তরাষ্ট্রের টিম হাওয়ার্ড যে রেকর্ড গড়েছিলেন, তার পাশে এখন জ্বলজ্বল করছে রুমের নামও।

এই ড্রয়ের ফলে কুরাসাও তাদের বিশ্বকাপ ইতিহাসে প্রথম পয়েন্ট অর্জন করল। গত নভেম্বরে জ্যামাইকার বিপক্ষে ক্লিন শিট রেখে প্রথমবারের মতো বিশ্বকাপে উঠেছিল দ্বীপদেশটি। সেখানেও রুমের অবদান ছিল অনন্য। জার্মানির কাছে ৭-১ গোলে বড় হারের ধাক্কা সামলে এবার তিনি উপহার দিলেন টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম সেরা গোলরক্ষক পারফরম্যান্স।

ইএসপিএনের তথ্য বলছে, এই ম্যাচে ইকুয়েডর ১৫টি অন-টার্গেট শট নিয়েছিল। যা ১৯৬৬ সালের পর গোলশূন্য কোনো বিশ্বকাপ ম্যাচে সর্বোচ্চ। অথচ রুমের দুর্দান্ত সেভের কারণে একটিও গোল হজম করেনি কুরাসাও। এমনকি অতিরিক্ত সময় ছাড়াই এত সেভের নজিরও আগে দেখা যায়নি। আর ক্লিন শিট রেখে এতগুলো সেভ, এটিও বিশ্বকাপের প্রথম ঘটনা।