কোম্পানীগঞ্জে ৯৩ টি ভূমিহীন পরিবার পাচ্ছে স্বপ্ননীড়ের দলিল

প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, জুন ১৯, ২০২১

 

সিলেটের কোম্পানীগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার স্বপ্ননীড় পাচ্ছে আরো ৯৩ ভূমিহীন পরিবার। কোম্পানীগঞ্জ উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে ২৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর দেয়া হচ্ছে। এর মধ্যে গত জানুয়ারি মাসে ১৫৭টি ঘরের দলিল হস্তান্তর করা হয়েছে এবং বাকি ৯৩টি ঘর হস্তান্তর করা হবে আগামীকাল।

আগামীকাল (২০ জুন) সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে ‘মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি এবং গৃহ প্রদান’ কর্যক্রমের উদ্বোধন করবেন। প্রত্যেক পরিবারকে দেয়া হচ্ছে দুই শতাংশ জমিসহ গৃহের দলিল, নামজারি, গৃহ প্রদানের সনদ, ডিসিআর কপি ও ঘরের চাবি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য জানান, মুজিব শতবর্ষে দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। এই প্রকল্পের আওতায় কোম্পানীগঞ্জ উপজেলায় ‘জমি নেই- ঘর নেই ও জমি আছে- ঘর নেই’ ২৫০ টি পরিবারকে বাছাই করা হয়েছে। এর মধ্যে জানুয়ারি মাসে ১৫৭টি ঘরের দলিল হস্তান্তর করা হয়। বাকি ৯৩টি ঘর আগামীকাল হস্তান্তর করা হবে।

(সি/স-১৯ জুন-তা/ই)