কানাইঘাটে দুই যৌন হেনস্তাকারী গ্রেফতার

প্রকাশিত: ৭:২৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২১

সিলেটের কানাইঘাটে এক নারীকে যৌন হেনস্তার ভিডিও ধারণকারী দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে সিলেটের হরিপুর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন আবদুল্লাহ ওরফে কাড়াকাল (৪২) ও সাদ উল্লাহ (৪০)। মামলায় আবদুল্লাহ ১ নম্বর ও সাদ উল্লাহ ২ নম্বর আসামি।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও কানাইঘাট থানার উপপরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় মামলা হওয়ার পর আসামিরা এলাকা ছেড়ে চলে যান। প্রযুক্তির সহায়তায় ভিডিও ধারণকারী দুজনের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে রাতেই হরিপুরে অবস্থান নেয় পুলিশ। গতকাল বেলা সাড়ে ১১টায় দুজনের অবস্থান ও পরিচয় নিশ্চিত হয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, কানাইঘাট উপজেলার একটি প্রবাসী পরিবারের এক নারীকে গত ২৮ আগস্ট রাতে তার নিজ ঘরে আটকে রেখে যৌন হেনস্তা করে ভিডিও ধারণ করেন চারজন। পঞ্চাশোর্ধ্ব নারীর এই ভিডিও প্রবাসে থাকা তাঁর দুই ছেলের কাছে পাঠিয়ে পাঁচ লাখ টাকা দাবি করেন তাঁরা। না হলে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। বিষয়টি নিষ্পত্তি করতে প্রবাসী পরিবারটি গ্রামের পঞ্চায়েত কমিটির কাছে এক লাখ টাকা দিয়েছে। বাকি টাকা দেওয়ার আগে গত সোমবার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন ওই চারজন।

মঙ্গলবার সকালে ওই নারী বাদী হয়ে ধর্ষণচেষ্টা ও পর্নোগ্রাফি আইনে একটি মামলা করেন।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, গ্রেপ্তার দুজন ঘটনার মূল হোতা। তাঁদের জিজ্ঞাসাবাদ করে মামলার অপর দুই আসামির অবস্থান এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা জানা প্রয়োজন।

(সি/স-১৬ সেপ্টেম্বর-তা/ই)