আসন্ন শারদীয় দুর্গাপূজায় যেকোন পরিস্থিতি মোকাবেলায় সিলেটের সকল ওসিদের সতর্ক থাকতে হবে

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২১

সিলেট জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স-এর বীরমুক্তিযোদ্ধা শহীদ এসপি এম. শামসুল হক মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২১ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।

সহকারি পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম-এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ।

সভায় উপস্থিত ছিলেন জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম সরকার, গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী এবং জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইনসহ সিলেট জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল থানার অফিসার ইনচার্জগণ, সিলেট জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এবং সিলেট মহানগর পূজা উদ্যাপন কমিটির প্রধান উপদেষ্টা এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, সিলেট মহানগর পূজা উদ্যাপন কমিটির সভাপতি সুব্রত দেব, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য,কোম্পানীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অখিল চন্দ্র বিশ্বাস ও সাধারণ সম্পাদক প্রকাশ চন্দ্র সরকার প্রমুখ।

মতবিনিময় সভায় সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম শারদীয় দুর্গাপূজা-২০২১ উদযাপন উপলক্ষে আইন-শৃংখলা সংক্রান্ত বিষয়ে সকল থানা থেকে আগত পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও উপস্থিত সকলের মতামত গ্রহণ করেন।

সভায় পুলিশ সুপার জানান, সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে পালনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সতর্ক রয়েছে। শান্তিপূর্ণভাবে পুজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষা ও পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পোষাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোষাকে পুলিশের নজরদারি বৃদ্ধি করা হবে।

এছাড়া সিলেট জেলাধীন সকল সার্কেল ও থানার অফিসার ইনচার্জগণকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক থাকার নির্দেশ প্রদান করেন। পুলিশ সুপার, সিলেট মহোদায় পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দকে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় বিভিন্ন কমিটির মাধ্যমে জরুরি মুহূর্তে জেনারেটর রাখা, স্বেচ্ছাসেবক বাহিনী গঠন, নারী-পুরুষ আলাদা লাইনে প্রবেশ ও বাহিরের ব্যবস্থা করা, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আযান ও নামাযের সময় মাইক বন্ধ রাখা, সম্ভব হলে সিসিটিভি স্থাপন করা, প্রতিটি মন্ডপে আগুন নিয়ন্ত্রক সিলিন্ডার রাখাসহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

তিনি নিশ্চিত করেন যে, যে কোনো ধরনের দুর্ঘটনা বা অঘটনের সংবাদ প্রাপ্তির সাথে সাথে সিলেট জেলা পুলিশ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করবে।

উল্লেখ্য, এবারে সিলেট জেলার ১১ টি থানার ৪৬২টি পূজা মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।

(সি/স-২৯ সেপ্টেম্বর-তা/ই)