ফোন না ধরায় প্রকৌশলীকে বদলী Desk Desk News প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২২ বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জেরাল্ড অলিভার গুডাকে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক বদলি) করা হয়েছে। এর চার ঘণ্টা পর তাকে ঝিনাইদহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী পদে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (২০ মার্চ) বেলা ১১টায় তাকে স্ট্যান্ড রিলিজ দিয়ে প্রজ্ঞাপন জারি করেন গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার। প্রজ্ঞাপনে ওই দিন বিকাল ৫টার মধ্যে দায়িত্ব হস্তান্তর করে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পায়রা বন্দরের তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের জন্য সোমবার পটুয়াখালী যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই সফরের সার্বিক তদারকির জন্য একদিন আগেই (রোববার) বরিশালে যান গণপূর্তমন্ত্রী ও সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা যাওয়ার আগে সার্বিক খোঁজখবর নেওয়ার জন্য বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জেরাল্ড অলিভার গুডাকে একাধিকবার ফোন করেন গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লাহ খন্দকার। কিন্তু ফোন রিসিভ করেননি জেরাল্ড অলিভার। ২০ মার্চ ঢাকা থেকে আগত ওই টিম বরিশাল পৌঁছালে বিমানবন্দরে তাদের রিসিভ করতে যান গুডাসহ বরিশাল গণপূর্ত বিভাগের কর্মকর্তারা। এ সময় সচিব ফোন না ধরার বিষয়টি জানতে চাইলে জেরাল্ড অলিভার জানান, তিনি কোনো কল পাননি। নির্বাহী প্রকৌশলীর এমন দায়িত্বহীন জবাবে ক্ষুব্ধ হন সচিব শহীদ উল্লাহ খান। এর কয়েক ঘণ্টা পর জেরাল্ড অলিভারের বদলি আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেন প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার। জানা গেছে, আদেশের পরপরই ঝালকাঠি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে বরিশাল ত্যাগ করেন জেরাল্ড অলিভার। এ বিষয়ে বরিশাল গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল বলছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। এ বিষয়ে আমার কিছু বলা ঠিক হবে না। তবে এটা রুটিন বা নিয়মিত বদলি নয়। সোমবার বিকাল পর্যন্ত বরিশালে নতুন কোনো নির্বাহী প্রকৌশলী পদায়ন করা হয়নি। এ ব্যাপারে কথা বলার জন্য অলিভার গুডার ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ধরেননি। SHARES প্রচ্ছদ বিষয়: