জঙ্গিবাদ ছেড়ে র‍্যাবকে তথ্য দিলেন নিলয়

Desk Desk

News

প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২২

জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে নিরুদ্দেশ হওয়া তরুণ শারতাজ ইসলাম নিলয় (২২) গত ১ সেপ্টেম্বর বাড়ি ফিরে আসে। এরপর তিনি র‍্যাবের জিজ্ঞাসাবাদে বাকিদের বিষয়ে তথ্য দিলে নিখোঁজ হওয়া সাতজনকে গ্রেপ্তার করে র‍্যাব।

ঘরছাড়া ৭ জনকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নিলয়।

তিনি বলেন, পরিবার ছেড়ে হিজরতের কথাটা আমি কোনোভাবে মানতে পারিনি। যাওয়ার পরই তা বুঝতে পারি। সুযোগ বুঝে আমি বাসায় ফিরে আসি।

নিলয় বলেন, সশস্ত্র প্রস্তুতির কথা বারবার শুনেছি। তবে আমি সেই পর্যন্ত যেতে পারিনি। তার আগেই ভুল বুঝতে পেরে ফিরে আসি।

এখনও নিখোঁজদের উদ্দেশে তিনি বলেন, আমি ৪ থেকে ৫ দিন ছিলাম। এর মধ্যেই এটি ভুল পথ বুঝতে পারি। না বুঝে এই ভুল পথে যাওয়া উচিত নয়। এই পথে যেন আর কেউ পা না বাড়ায়।

এর আগে বুধবার রাতে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে জঙ্গিবাদে উদবুদ্ধ হয়ে ঘরছাড়া সাতজনকে গ্রেপ্তার করে র‍্যাব-১১ এবং সদর দপ্তরের গোয়েন্দা শাখা।

তারা হলেন— কুমিল্লার ইমতিয়াজ আহমেদ রিফাত (১৯), মো. হাসিবুল ইসলাম (২০), রোমান শিকদার (২৪), মো. সাবিত (১৯) এবং পটুয়াখালীর হোসাইন আহম্মদ (৩৩), মো. নেছার উদ্দিন ওরফে উমায়ের (৩৪) ও বণি আমিন (২৭)।

এ সময় তাদের কাছ থেকে নব্য জঙ্গি সংগঠনের প্রচারপত্র, বিস্ফোরক তৈরির পুস্তিকা, উগ্রবাদী বই, উগ্রবাদী ভিডিও ও একটি ট্যাব জব্দ করা হয় বলে জানায় র‌্যাব।

এ বিষয়ে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, গত ২৩ আগস্ট কুমিল্লা থেকে ৮ তরুণ নিখোঁজ এবং ২৫ আগস্ট কুমিল্লার কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি করা হয়। এর পরিপ্রেক্ষিতে র‌্যাব নিখোঁজদের উদ্ধারে ও জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরপর তদন্তে করে তারা জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে বাড়ি ত্যাগ করেছে বলে জানা যায়। পরে বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, নিরুদ্দেশ হওয়া তরুণদের বিভিন্ন সেইফ হাউজ এবং পটুয়াখালী ও ভোলার বিভিন্ন চরে সশস্ত্র হামলা, বোমা তৈরি, শারীরিক কসরত ও জঙ্গিবাদবিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হতো।