কোম্পানীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ইফতার পার্টি, থানায় সন্ত্রাস আইনে মামলা

Desk Desk

News

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৬
Oplus_131072

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ইফতার পার্টি করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বুধবার (১৮ মার্চ) উপজেলার মেঘারগাঁও এলাকায় ইফতার পার্টির আয়োজন করে সংগঠনটির কোম্পানীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ। এ ঘটনায় বৃহস্পতিবার পুলিশ বাদি হয়ে ৩০ জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা (নম্বর-২৬) দায়ের করেছে।

জানা গেছে, বুধবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি উমর আলী ও সাধারণ সম্পাদক শাহ আলম স্বাধীনের নেতৃত্বে মেঘারগাঁও এলাকায় একটি হাওরে ইফতার পার্টির আয়োজন করা হয়। এতে যোগ দেয় উপজেলার অর্ধশতাধিক ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মী। সেখানে তোলা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। সেখানে কাউকে না পেলেও, ছাত্রলীগ নেতাকর্মীদের ফেলে যাওয়া বিভিন্ন আলামত জব্দ করা হয়।

পুলিশের দাবি, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ইফতারের আড়ালে জড়ো হয়ে সরকার বিরোধী নাশকতার পরিকল্পনা করছিলো। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান জানান, একাধিক মামলার পলাতক আসামি উমর আলী ও শাহ আলম স্বাধীনের নেতৃত্বে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে এলাকার পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য নাশকতার পরিকল্পনা করছিলো। খবর পেয়ে পুলিশ অভিযান চালায় এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে আমরা একাধিক আলামতও সংগ্রহ করেছি। এ ঘটনায় ৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ২০-২৫ জনকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।