ধলাই নদীতে বালু উত্তোলনকালে ৭০ বারকী নৌকা ধ্বংস, ২ জন আটক

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৬

সংবাদ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীর ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বালু পরিবহনে ব্যবহৃত ৭০টি বারকী নৌকা জব্দ ও ভেঙে ফেলা হয়েছে। এ সময় দুইজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের কালাইরাগ এলাকার ধলাই নদীর পূর্ব পাড় ও বালুচর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা প্রশাসনের সঙ্গে বিজিবি ও কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক জাহিদুর হাসান বিজয়সহ পুলিশ সদস্যরা অংশ নেন।

অভিযান চলাকালে অ/বৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনে ব্যবহৃত ৭০টি বারকী নৌকা জব্দ করে ঘটনাস্থলেই ভেঙে ফেলা হয়। এ সময় দুইজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অপর ব্যক্তির বয়স বিবেচনায় তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদার বলেন, ধলাই নদীর ইজারা বহির্ভূত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বারকী নৌকা ব্যবহার কিংবা অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।