নবদম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার Desk Desk News প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২১ ঢাকার আশুলিয়ার একটি বাসার কক্ষ থেকে এক রশিতে ঝুলন্ত অবস্থায় এক নবদম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়ার ডেন্ডাবর মধ্যপাড়া এলাকার ফজর আলী বয়াতির ভাড়াবাড়ির একটি কক্ষ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- কুষ্টিয়ার কুমারখালী থানার মনোহরপুর গ্রামের হাতেম আলীর ছেলে টুটুল মিয়া (২৭) ও একই জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার চররাধানগর গ্রামের বাদল আলীর মেয়ে মারিয়া খাতুন (১৫)। টুটুলের গ্রামের বাড়িতে স্ত্রী ও দুই সন্তান রয়েছে বলে জানা গেছে। তারা কুষ্টিয়া থেকে পালিয়ে আশুলিয়ার ডেন্ডাবরে ফজর আলীর একটি বাড়ির ছোট কক্ষ ভাড়া নিয়ে থাকত বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, ২২ জুন মারিয়া নিখোঁজ হয়। পরে ২৪ জুন মারিয়ার পরিবার ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় মেয়ে নিখোঁজের একটি অভিযোগ দায়ের করে। ধারণা করা হচ্ছে- তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এরই সূত্র ধরে তারা পালিয়ে ১৯ জুলাই আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় টুটুলের চাচাতো বোনের কাছে আসে। পরে ডেন্ডাবর মধ্যপাড়া এলাকার ফজর আলী বয়াতির বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করতে থাকে তারা। বুধবার সন্ধ্যায় তাদের ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে তাদের দুইজনের মরদেহ উদ্ধার করে। আশুলিয়া থানার এসআই শফিউল্লাহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের পর মারা যাওয়ার কারণ নিশ্চিত হওয়া যাবে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। (সি/স-১১ আগস্ট-তা/ই) SHARES মৃত্যু সংবাদ বিষয়: